• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি কার্যালয়ে তাণ্ডব চালানোর জন্য সরকার দায়ী : প্রিন্স

প্রকাশ: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ৪:১৯
আপডেট: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ৪:১৯

বিএনপি কার্যালয়ে তাণ্ডব চালানোর জন্য সরকার দায়ী : প্রিন্স

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে তাণ্ডবের দৃশ্য দেখেছি মন্তব্য করে দলের দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাণ্ডব চালানোর জন্য সরকার দায়ী।

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রিন্স বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যে তাণ্ডব লীলা চালানো হয়েছে এটা দেখে আমরা হতভম্ব। একটি সভ্য দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দল, যে দল দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করছে সংগ্রাম করছে সেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনের দপ্তর লন্ড ভন্ড করে ফেলেছে।

তিনি বলেন, সরকার সারা বাংলাদেশকে যেভাবে লন্ড ভন্ড করে দিয়েছে ঠিক একইভাবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ও লন্ডভন্ড করে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই লন্ড ভন্ড করার কাজে যারা নিয়োজিত ছিল তাদেরকে দোষী সাব্যস্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

প্রিন্স আরো বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সমস্ত নেতাদের মুক্তির দাবি জানাচ্ছি। এছাড়া তাদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের দপ্তরের কম্পিউটার, পিসিসহ সদস্যদের মাসিক চাঁদার টাকা রাখার আলমারি ভেঙ্গে সবকিছু নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

“সরকার ভীত হয়ে আমাদের ঢাকা বিভাগীয় গণ সমাবেশকে নস্যাৎ করার জন্য এই তাণ্ডব লীলা চালিয়েছে। কিন্তু দেশের জনগণ এত প্রতিবন্ধকতার পরেও গণ সমাবেশ সফল করার মধ্য দিয়ে এই সরকারকে চপেটাঘাত দিয়েছে।”

পল্টনের সমাবেশ করতে না পারায় বিএনপির পরাজয় হয়েছে আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যে জবাবে তিনি বলেন, এটা বিএনপির পরাজয় নয় সরকারের পরাজয়।