জাতীয় সংসদ সচিবালয় একাদশ জাতীয় সংসদে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন এমন ছয় সংসদ সদস্যের পদত্যাগের কারণে ছয়টি আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। শূন্য ঘোষিত আসনগুলো হলো: ব্রাহ্মণবাড়িয়া-২, চাঁপাইনবাবগঞ্জ-২, ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া–৬ এবং রুমিন ফারহানার সংরক্ষিত নারী আসন।
রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ছয়টি আসন শূন্য ঘোষণা করে আলাদা ছয়টি গেজেট প্রকাশ করা হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত আলাদা ছয়টি গেজেটে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম, আবদুস সাত্তার, মো. মোশাররফ হোসেন, গোলাম মোহাম্মদ সিরাজ, জাহিদুর রহমান এবং রুমিন ফারহানা রোববার পদত্যাগ করায় একাদশ জাতীয় সংসদের চাপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২, বগুড়া-৪, বগুড়া–৬, ঠাকুরগাঁও-৩ এবং ৩৫০ মহিলা আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।’
এর আগে রবিবার বেলা ১১টার পর সশরীরে সংসদ ভবনে গিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির পাঁচ সংসদ সদস্য। দলটির আরও দুজন সংসদ সদস্য সশরীরে না আসায় তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি।












