• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মেসিকে নয়, এমবাপ্পেকেই সেরা বললেন আর্জেন্টিনার সাবেক গোলকিপার

প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ১০:২৮
আপডেট: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ১০:২৮

jpeg 61

মেসিকে নয়, এমবাপ্পেকেই সেরা বললেন আর্জেন্টিনার সাবেক গোলকিপার

কাতার বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্যে নিজ দেশ আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়েছেন ফুটবলের অন্যতম মহাতারকা লিওনেল মেসি। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে জিতেছেন গোল্ডেন বলও।

গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত মোট সাতটি ম্যাচ খেলেছেন মেসি। নকআউট পর্বে আর্জেন্টিনার একেকটি জয়, আর লিওনেল মেসির ম্যাচের সেরা খেলোয়াড় হওয়া যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল এবার। সাত ম্যাচের পাঁচটিতেই ‘ম্যাচ সেরা’ হয়েছেন মেসি। বিশ্বকাপের পুরো টুর্নামেন্টে মেসির গোল ৭টি ও অ্যাসিস্ট ছিল ৩টি। এর মধ্যে ফাইনালে মেসির গোল ছিল ২টি।
অন্যদিকে, ফাইনালের প্রতিপক্ষ ফ্রান্সের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে জিতেছেন ‘গোল্ডেন বুট’। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হিসেবে এই অ্যাওয়ার্ড জেতেন তিনি। বিশ্বকাপে তার মোট গোল ৮টি ও অ্যাসিস্ট ছিল ২টি। এর মধ্যে আর্জেন্টিনার বিপক্ষেই তিনটি গোল। ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি।

ম্যাচের শুরুতেই আর্জেন্টিনা এগিয়ে গেলেও এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকেই ম্যাচে ফেরে ফ্রান্স। শেষে পর্যন্ত খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। তাতে ৪-২ ব্যবধানে হেরে যায় ফ্রান্স।

মেসি তার অসাধারণ নৈপুণ্যে আর্জেন্টিনাকে শিরোপা জেতালেও এমবাপ্পেকেই সেরা আখ্যা দিলেন আর্জেন্টিনার সাবেক গোলকিপার হুগো গাত্তি। ১৯৬৬ বিশ্বকাপ দলে আর্জেন্টিনার তালিকাভুক্ত গোলকিপার ছিলেন তিনি। খেলেছেন রিভার প্লেট, জিমনাশিয়া ও বোকা জুনিয়র্সের মতো ক্লাবে। বর্তমানে তার বয়স ৭৮ বছর। ১৯৮২ সালে আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতেছিলেন তিনি। আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলেছেন ১৯৭৭ সালে।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে আনন্দিত হুগো গাত্তি। তবে লিওনেল মেসিকে নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেননি তিনি।

স্প্যানিশ টিভি চ্যানেলের ‘এল চিরিনগুইতো’নামক অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন হুগো গাত্তি। এ সময় তিনি বলেন, “মেসি দিয়েগো ম্যারাডোনাকে কখনও টপকে যেতে পারবেন না।”

তিনি আরও বলেন, “এটা সত্য যে মেসি ভালো খেলেছে। তবে আমার কাছে এমবাপ্পেই বিশ্বসেরা। তার ভবিষ্যৎও সবচেয়ে ভালো। মানুষ আমাকে বলতে পারে, আমি আর্জেন্টিনাবিরোধী। তবে আমি নিজে যা দেখি এবং বুঝি, সেই সত্যটাই বলি।”

মেসি নিজের পারফরম্যান্স দিয়ে দিয়েগো ম্যারাডোনাকে ছাপিয়ে যেতে পেরেছেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রথমত, কেউ পেলেকে ছাপিয়ে যেতে পারবে না। আর আর্জেন্টিনায় কেউ দিয়েগোকেও পেছনে ফেলতে পারবে না। আমি জানি না, মানুষ এসব মানবে কি না। তবে আমি ফুটবলকে এভাবেই দেখি। এটাই আমার দৃষ্টিভঙ্গি। যেমন ধরুন, ডি মারিয়া দুর্দান্ত খেলেছে। কিন্তু কেউ তাকে নিয়ে কিছু বলছে না।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com