রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে নিজ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিকল হওয়ায় প্রথমবার চেষ্ঠায় ভোট দিতে পারেননি জাতীয় পার্টির প্রার্থী। তবে দ্বিতীয়বারের চেষ্টায় প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ভোট দিতে সক্ষম হন।
নগরীর আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার(২৭ ডিসেম্বর) সকালে ভোট দিতে এসে এরকম পরিস্থিতির সম্মুখীন হন মোস্তফা। প্রথমে প্রায় ১০ মিনিট চেষ্টা করেও তিনি ভোট দিতে পারেননি।
ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোস্তফা বলেন, ‘ইভিএমের ত্রুটির কারণে প্রথম দফায় ভোট দিতে পারিনি। দ্বিতীয়বারের চেষ্টায় ভোট দিয়েছি। যারা ইভিএমে ভোট দেয়নি প্রত্যন্ত এলাকায় তাদের কী হবে? এ ক্ষেত্রে ভোট কাস্টিং কম হবে। ভোট কাস্ট কম হলে আমার জন্যই ক্ষতি। প্রতিটি কেন্দ্রে একজন করে বিশেষজ্ঞ থাকা উচিত।’
নির্বাচনী পরিবেশ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে তাঁদের দায়িত্ব পালন করছে।’
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় মহানগর এলাকায় মোট ২২৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোট শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ভোটগ্রহণ। সবগুলো কেন্দ্রেই ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।
এবার রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার চার লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ এবং নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন এবং হিজড়া ভোটার একজন।
২২৯টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মেয়র পদে নয়জন এবং ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন ও ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।












