বিএনপি ঘোষিত ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করেছে ১১ দলের সমন্বয়ে নতুন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মতিঝিল গিয়ে আবারো পুরানা পল্টনে সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে গণমিছিল শেষ হয়।
ওই সময় জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. নূরুল আমিন বেপারী, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, গণদলের গোলাম মাওলা, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, বাংলাদেশ মাইনরিটি পার্টির সুকৃতি মণ্ডল বক্তব্য দেন। আগামী ১১ জানুয়ারি সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন ১১ দলের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ। গণমিছিলে ১১ দলের কয়েক শ নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ নেন।
গণমিছিলে আরও উপস্থিত ছিলেন—এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, ডেমোক্রেটিক লীগের মো. আকবর হোসেন, পিপলস লীগের অ্যাডভোকেট গরিবে নেওয়াজ ও সৈয়দ মাহবুব হোসেন, ইসলামী ঐক্যজোট, বিকল্পধারা বাংলাদেশের অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, জাগপার ডা. আওলাদ হোসেন শিল্পী, যুব জাগপার মীর আমির হোসেন আমুসহ অনেকে।












