• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ আয়োজনের দাবি ইউএনএ’র

প্রকাশ: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ৩:৩৮
আপডেট: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ৩:৩৮

96632569 3

সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ আয়োজনের দাবি ইউএনএ’র

চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ আয়োজনের দাবি জানিয়েছে সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ)। সেই সঙ্গে দেশের অর্থনৈতিক দূরাবস্থা এবং গণমানুষের মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় আরো ৬টি দাবি জানিয়েছে ৫৮ দলীয় এই জোট।

রোববার (২২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান জোটের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউএনএ ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনি বলেন, আমাদের চলমান রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দূরাবস্থা ও গণমানুষের মানবাধিকার প্রেক্ষাপট আজ তলানীতে এসে পৌঁছেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে সকল ধরনের খাদ্যদ্রব্য কিনতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ছে। এরপরও সরকার একের পর এক সেবা সংস্থাগুলোর, অর্থাৎ পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে।

তিনি আরো বলেন, একদিকে ইউক্রেন- রাশিয়া যুদ্ধের প্রভাব, তারপর দেশীয় অর্থ লুটপাটকারীদের চক্রান্তে ব্যাংক, বীমা ও অর্থলগ্নিকারী সংস্থাগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ব্যবসায়ীরা আর ব্যবসা করতে পারছে না, ব্যাংকে নগদ টাকা দিয়েও এলসি খোলা যাচ্ছে না। খাদ্যদ্রব্য আমদানী করা বন্ধ হয়ে গেছে। তাই চলমান বিভিন্ন সংকট নিরসনে আমরা ৭ দফা দাবি জানাচ্ছি।

তাদের দাবিগুলো হলো- চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে অবিলম্বে একটি গঠনমূলক সংলাপ আয়োজন, জনদুর্ভোগ কমাতে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে চাল, ডাল, আটা, ময়দা, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের দাম অবিলম্বে কমাতে হবে, অবিলম্বে পানি, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী তেলসহ সকল দাহ্য পদার্থের দাম কমাতে হবে, ব্যাংক, বীমা ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের মাধ্যমে যারা বিদেশে অর্থ পাচার করেছে তাদের দেশে ফেরত এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তিসহ পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে, প্রশাসনের সকল স্তরে দুর্নীতি ও সকল ধরনের অনৈতিক কাজ অবিলম্বে বন্ধ করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন আধুনিকায়নে সকল প্রকার ঘুষ, দুর্নীতি ও অনৈতিক কাজ অবিলম্বে বন্ধ করতে হবে এবং প্রশাসন ও পুলিশ ব্যবস্থাপনায় অবিলম্বে দলীয়করণ বন্ধ করতে হবে।

ইউএনএ’র মুখপাত্র ও বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জোটের সিনিয়র কো-চেয়ারম্যান সালাম মাহমুদ, মহাসচিব অ্যাড. জাহাঙ্গীর হোসেন, মিডিয়া উইং চীফ মো. আশরাফ হোসেন, বিএনজেপির চেয়ারম্যান ফয়েজ চৌধুরী, জাতীয় মানবাধিকার পার্টির চেয়ারম্যান নুরুল ইসলাম, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আলতাফ মোল্লা প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com