আগামী ২৪ জানুয়ারি (মঙ্গলবার) থেকে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হতে যাচ্ছে। তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকাল ১০টায় সম্মেলন শুরু হয়ে ২৬ জানুয়ারি শেষ হবে।
রবিবার (২২ জানুয়ারি) রাজধানীতে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এই সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। সম্মেলনকে ঘিরে এবার ডিসি ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে ২৪৫টি প্রস্তাব পাওয়া গেছে।
তিনি বলেন, বিভাগীয় কমিশনার ও জেলাপ্রশাসক কর্তৃক সরকারের নীতি নির্ধারণী বিষয়, উন্নয়ন কর্মসূচি ও অন্যান্য প্রাধিকার সম্পর্কে নির্দেশনা গ্রহণ এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ কর্তৃক প্রেরিত মাঠ পর্যায়ে জনস্বার্থ সম্পৃক্ত প্রস্তাব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবারের সম্মেলন তিন দিনব্যাপী হচ্ছে। গত সম্মেলনও তিন দিনব্যাপী ছিলো। এবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং নির্দেশনা গ্রহণের পাশাপাশি স্পিকার ও প্রধান বিচারপতির সাথে জেলা প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ, নির্দেশনা গ্রহণ ও মতবিনিময় করবেন।
তিনি আরও বলেন, এবার মোট প্রস্তাব-সংখ্যা এসেছে ২৪৫ টি। বেশি সংখ্যক প্রস্তাব, স্বাস্থ্য সেবা বিভাগ-২৩টি, ভূমি মন্ত্রণালয়-১৫টি; পানি সম্পদ মন্ত্রণালয়-১৩টি; সুরক্ষা সেবা বিভাগ-১১টি; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-১০, এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ-১০টি এসেছে।
এদিকে, গত বছরের মতো এবারও জেলা প্রশাসক সম্মেলনের মূল ভেন্যু রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন। সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।












