গেল বছর হিজরতের নামে ঘর ছাড়া তরুণদের খুঁজতে নেমে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া এর খোঁজ পায় র্যাপিড একশন ব্যাটেলিয়ন (র্যাব)। এরপর থেকেই শুরু হয় র্যাবের গোয়েন্দা তৎপরতা। গোয়ান্দা সূত্রে বেরিয়ে আসে আঁৎকে উঠার মত নানা তথ্য।
র্যাব এর সূত্রে জানা যায়, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া গঠিত হয় ছয় বছর আগে ২০১৭ সালে। আর নতুন এই সংগঠনের মূল কার্যক্রম শুরু হয় ২০২১ সাল থেকে। এই জঙ্গি সংগঠনটি নানা ভাবে সাধারণ মানুষকে বিশেষ করে তরুণদের রেডিক্যালাইজেশন (চরমপন্থার এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ ক্রমবর্ধমান চরম রাজনৈতিক, সামাজিক, অথবা ধর্মীয় আদর্শ এবং আকাঙ্ক্ষাগুলি গ্রহণ করে) প্রক্রিয়ায় জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে মিথ্যা আশ্বাস দিয়ে পাহাড়ে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দিয়েছে এবং দিচ্ছে। এই জঙ্গি সংগঠনটির ৪০ এর বেশী সদস্য এখনও গা ঢাকা দিয়ে রয়েছে। গেল বছর এক সংবাদ সম্মেলনে র্যাবের তরফ থেকে হিজরতকারী ৫৫ জনের একটি তালিকা দেওয়া হয়। এই ৪০ জনের বেশীরভাগই সেই তালিকার, যাদের মধ্যে অধিকাংশ প্রশিক্ষণ নিয়ে সমতলে ফিরেছেন। কিছু আবার প্রশিক্ষণ নিয়ে নিজেরাই প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন।
গেল বছরের সেপ্টেম্বর মাস থেকে এলিট ফোর্সের গোয়েন্দা শাখা এবং বিভিন্ন ব্যাটালিয়ন অনেকগুলো অভিযান চালিয়েছে এবং চালাচ্ছে। পরিচালিত অভিযানে কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া আট তরুণের মধ্যে চার জনসহ জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার বিভিন্ন পর্যায়ের ৩৮ নেতা ও সক্রিয় সদস্য এবং ২০২১ সাল থেকে এ জঙ্গি সংগঠনকে সহায়তা দেওয়া এবং সামরিক প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ত থাকার অপরাধে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের ১৪ জন নেতা ও সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার এসকল নেতা ও সদস্যরা জিজ্ঞাসাবাদে র্যাবের গোয়েন্দা শাখার কর্মকর্তাদের এসকল তথ্য জানায়। এছাড়া র্যাব আরও জানায়, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র প্রধান অর্থাৎ আমির হচ্ছেন মোহাম্মদ আনিসুর রহমান ওরফে মাহমুদ নামের এক ব্যক্তি। তার নেতৃত্বেই উগ্রবাদী এই সংগঠনটি পরিচালিত হচ্ছে। তাকে সাংগঠনিক কাজে সহায়তা করতে উগ্রবাদী এ সংগঠনে ৬ জন শুরা সদস্য রয়েছে। শুরা সদস্য আবদুল্লাহ মাইমুন দাওয়াতি শাখার প্রধান। গ্রেফতার মাসুকুর রহমান ওরফে রণবীর সামরিক শাখার প্রধান। গ্রেফতার মারুফ আহমেদ সামরিক শাখার দ্বিতীয় ব্যক্তি। মোশারফ হোসেন ওরফে রাকিব অর্থ ও গণমাধ্যম শাখার প্রধান। শামীম মাহফুজ প্রধান উপদেষ্টা ও প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধায়ক।
শুধু তাই নয় গ্রেফতার ব্যক্তিরা আরও জানিয়েছে, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৫৫ সদস্যকে কুকি চিন’র প্রধান নাথান বম, সামরিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল (কথিত) ভাংচুং লিয়ান বম এবং অপর আরেক নেতা মিডিয়া শাখা প্রধান লেফটেন্যান্ট কর্নেল (কথিত) লালজং মুই ওরফে মাওয়াইয়া এবং কথিত লেফটেন্যান্ট কর্নেল লাল মুন ঠিয়াল ওরফে চির চির ময়’র সরাসরি তত্ত্বাবধানে পার্বত্য চট্টগ্রামে আশ্রয় দিয়ে সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এই প্রসঙ্গে র্যাবের মিডিয়া এন্ড লিগ্যাল উইংয়ের পরিচালক খন্দকার আল মইন বলেন, এই তথ্য অবশ্যই উদ্বেগজনক। তাই এই ইনটেল পাওয়ার পরপরই নতুন এই জঙ্গি সংগঠনের পাহাড়ে প্রশিক্ষণরত সদস্য এবং তাদের আশ্রয়-প্রশ্রয়দানকারীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে অভিযান ও নজরদারি চলমান রেখেছে এলিট ফোর্স।












