• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

পাকিস্তানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৭, টিটিপির দায় স্বীকার

প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ৯:৩০
আপডেট: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ৯:৩০

 

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭। এ ঘটনায় আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি। বোমা হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। খবর আলজাজিরার।

সোমবার (৩০ জানুয়ারি) পেশোয়ার শহরের ব্যস্ততম পুলিশ লাইন্স এলাকার একটি মসজিদে বোমা হামলার এই ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের সময় মসজিদে মুসল্লিরা নামাজরত ছিলেন।

স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম হতাহতের এই সংখ্যা গণমাধ্যমে জানান। তিনি জানান, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসোদ স্থানীয় গণমাধ্যমে বলেন, মসজিদের ধ্বংসাবশেষের নিচে এখনও আটকা রয়েছেন অনেকে। তাদের উদ্ধারের জন্য তৎপরতা চলছে।

এদিকে পেশোয়ার রাজধানী পুলিশ কর্মকর্তা মুহাম্মদ ইজাজ খান দ্য ডনকে জানিয়েছেন, বোমাবিস্ফোরণের পর মসজিদের ছাদ ধসে পড়ে। মসজিদের ধ্বংসাবশেষের নিচে কয়েকজন সেনা আটকা পড়েছেন। তাদের উদ্ধার অভিযান চলছে। তিনি জানান, বিস্ফোরণের সময় সেখানে ৩০০ থেকে ৪০০ মানুষ উপস্থিত ছিলেন।

এ বোমা হামলার জন্য দায়ী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হলো আফগান তালেবানের পাকিস্তানি শাখা। এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে জঙ্গিগোষ্ঠীটি। টিটিপি পাকিস্তানে ইসলামিক আইনের কঠোর ফোতওয়া আরোপ, সরকার কর্তৃক গ্রেফতারকৃত সদস্যদের মুক্তি এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের সঙ্গে পাকিস্তানের উপজাতীয় অঞ্চলগুলোকে একীভূত করার দাবি করে আসছে।

সম্প্রতি টিটিপি পাকিস্তানের সীমান্ত প্রদেশগুলোতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এছাড়া পাকিস্তানে বিদেশি বিনিয়োগের বিভিন্ন হাব লক্ষ্য করে হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। এতে পাকিস্তানে বিদেশি বিনিয়োগ হুমকির মুখে পড়ছে।

টিটিপির লাগাতার হামলায় মদত দেওয়ার জন্য আফগান তালেবানকে দায়ী করে আসছে পাকিস্তান। তবে আফগান তালেবান বরাবরই দায় অস্বীকার করে আসছে। এ নিয়ে দুই দেশের নেতারা প্রায়ই অভিযোগ পাল্টা অভিযোগ করেন।

পাকিস্তানের একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, শুধু ২০২২ সালে ১৫০টির বেশি হামলা চালিয়েছে টিটিপি। এসব হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর পাকিস্তানের ক্ষমতা দখলের জন্য উদ্বুদ্ধ হয়ে উঠেছে টিটিপি।

গত মাসে টিটিপিকে দমনে আফগানিস্তানের ভূখণ্ডে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছে ইসলামাবাদ নেতৃত্ব।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম