• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

চলমান যুগপৎ আন্দোলন বিএনপির খসড়া রূপরেখার সঙ্গে একমত গণতন্ত্র মঞ্চ

প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৫৮
আপডেট: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৫৮

চলমান যুগপৎ আন্দোলন বিএনপির খসড়া রূপরেখার সঙ্গে একমত গণতন্ত্র মঞ্চ

সরকারবিরোধী চলমান যুগপৎ আন্দোলনকে আরও বেগবান করতে তৈরি করা সাত দফা খসড়া রূপরেখার সঙ্গে একমত পোষণ করেছে গণতন্ত্র মঞ্চের সাতটি দল।

আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মঞ্চের পরবর্তী বৈঠকে আরও যাচাই-বাছাই শেষে রূপরেখাটি চূড়ান্ত করা হবে। এরপর সেটি বিএনপির কাছে হস্তান্তর করবে গণতন্ত্র মঞ্চ।

আজ বুধবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বিএনপির ১০ দফা দাবি ও ২৭ দফা রূপরেখার সঙ্গে গণতন্ত্র মঞ্চের ১৪ দফার সমন্বয়ে গত মাসে যুগপৎ আন্দোলনের খসড়া রূপরেখা প্রস্তুত করা হয়। বিএনপির একজন ও গণতন্ত্র মঞ্চের দুজনের সমন্বয়ে গঠিত ‘ড্রাফট কমিটি’ একাধিক বৈঠক করে খসড়া রূপরেখাটি তৈরি করে। তবে রূপরেখা চূড়ান্ত করার আগে সাত দলেরই মতামত নিতে পরে সেটি গণতন্ত্র মঞ্চকে দেয় বিএনপি।

এদিকে যুগপৎ আন্দোলন সুষ্ঠুভাবে পরিচালনা এবং কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে ‘কোর কমিটি’ গঠন করতে যাচ্ছে বিএনপি। ওই কোর কমিটিতে গণতন্ত্র মঞ্চের যখন যিনি সমন্বয়ক থাকবেন তখন তিনি মঞ্চের প্রতিনিধিত্ব করবেন।

এ ছাড়া বিএনপির সঙ্গে বৈঠকে মঞ্চের লিয়াজোঁ কমিটিতে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের বিকল্প হিসেবে সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রতিনিধিত্ব করবেন। রব বর্তমানে অসুস্থ থাকায় গণতন্ত্র মঞ্চের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূমের সভাপতিত্বে বৈঠকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান টিপু বক্তব্য দেন।

এ ছাড়া বৈঠকে জেএসডির সহসভাপতি সিরাজ মিয়া, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য বাচ্চু ভুঁইয়া, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুক হাসান, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রচার ও মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের তাণ্ডব ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় বলে রাতে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে নেতারা বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সারা দেশের মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে বর্তমান সরকার তাদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। এই দখলবাজ সরকারের পতন নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com