রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন বিএনপি নেতারা।
মঙ্গলবার (৭ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আআহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপি মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো: মামুন, মহিলা কাউন্সিলর পুতুল সুলতানাসহ স্থানীয় বিএনপি নেতারা বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে আসেন।
পরে সাংবাদিকদের উদ্দেশে আব্দুস সালাম বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা আহতদের দেখতে এসেছি। বিএনপি এই বিস্ফোরণে নিহতদের প্রতি গভীর সমাবেদনা প্রকাশ করছে।
তিনি বলেন, সরকার সব বিষয়েই উদাসীন। জানমালের ক্ষতি হওয়ার আগে তারা কোনো ব্যবস্থা নিতে পারে না। বিএনপি সঠিক তদন্তের মাধ্যমে ঘটনা উদঘাটনের দাবি জানাচ্ছে এবং নিহতদের ক্ষতি পূরণ ও আহতদের সরকারি ব্যবস্থাপনায় সুচিকিৎসার দাবি করছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টার দিকে রাজধানীর গুলিস্তানের বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে। এতে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। এর মধ্যে আহত কয়েকজনের অবস্থা আশংকাজনক।












