• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

লিঙ্গসমতা নিশ্চিত করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব : স্পিকার

প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩ ১০:৩৬
আপডেট: বুধবার, ৮ মার্চ, ২০২৩ ১০:৩৬

 

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, লিঙ্গসমতা নিশ্চিত করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব। তিনি বলেন, নারীদের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রাম এবং নারী ক্ষমতায়নের সুদীর্ঘ ইতিহাস রয়েছে।

বুধবার আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিজিটাল: ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফর জেন্ডার ইকুয়ালিটি’- শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নারী সাংবাদিকরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করে যাচ্ছেন।

স্পিকার এসময় নারী সাংবাদিকদের ককাস গঠন করে কর্মক্ষেত্রের সমস্যা সমাধানে একযোগে কাজ করার আহ্বান জানান।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জ্ঞান এবং তথ্যই হচ্ছে শক্তি। নারীদের সঠিক তথ্য জেনে নিজেদের আত্মবিশ্বাসী হতে হবে।

এসময় তিনি নারীদের প্রশিক্ষণ, শিক্ষা, প্রযুক্তি এবং যথাযথ জ্ঞান অর্জন করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হওয়ার আহ্বান জানান।

স্পিকার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত ১৯৭২ সালের সংবিধানে জাতীয় সংসদে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্য হওয়ার পাশাপাশি নারীদের জন্য সংরক্ষিত আসনে নির্বাচনের সুযোগ রেখেছেন। বঙ্গবন্ধু নারীদের এগিয়ে নেয়ার কথা ভেবে সংবিধানে নারীদের জন্য সংরক্ষিত আসনের বিষয়টি অন্তর্ভুক্ত করেছেন।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু নারী ও পুরুষের সমঅধিকার নিশ্চিত করেছেন।

স্পিকার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী সুরক্ষা আইন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ, আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে নারীবান্ধব প্রকল্প বাস্তবায়ন, ফ্রী- ল্যান্সিং, ই-কমার্স ও অন-লাইন বিজনেসের সুযোগ বৃদ্ধি পেয়েছে।

ফলে সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ দৃশ্যমান হয়েছে বলে স্পিকার উল্লেখ করেন।

ইশরাত জাহান উর্মির সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ডিকাব এর সভাপতি রেজাউল করিম লোটাস এবং মূল প্রবন্ধ পাঠ করেন ডিকাবের সদস্য আঙ্গুর নাহার মন্টি। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সাংবাদিক নাফিজা দৌলা।

মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে, ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই, কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলাস, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর মাশফি বিনতে শামস বক্তব্য রাখেন।

কূটনীতিতে বিশেষ অবদানের জন্য সাবেক কূটনীতিক নাসিম ফেরদৌস এবং মাজেদা রফিকুন্নেসাকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। এ সময় স্পিকার তাদের অভিনন্দন জানান।

সূত্র : ইউএনবি

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম