• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ায় মেতে উঠেছে কোর্ট প্রাঙ্গণ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ২:১৭
আপডেট: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ২:১৭

9602 17

নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ায় মেতে উঠেছে কোর্ট প্রাঙ্গণ

সুপ্রিম কোর্টে চলছে দুইদিন ব্যাপী আইনজীবী নির্বাচন। আজ ভোট গ্রহণের দ্বিতীয় দিন। এই নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ায় মেতে উঠেছে কোর্ট প্রাঙ্গণ। এদিকে পরিস্থিতি ‘সামাল’ দিতে আজ বৃহস্পতিবারও (১৬ মার্চ) বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে সুপ্রিম কোর্টে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ২০ প্লাটুন সদস্য কোর্ট চত্বরে অবস্থান নিয়েছেন।

আজ সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। সমিতির সভাপতি ও সম্পাদকসহ আওয়ামী লীগ অংশের মনোনীত উপ-কমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে বিএনপি সমর্থক আইনজীবীরা ভোটে অংশগ্রহণ থেকে বিরত রয়েছেন। তারা নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবিতে আন্দোলন করছেন।

এর আগে গতকাল নির্বাচনের প্রথম দিন হট্টগোল, ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের লাঠিচার্জ, ভাংচুর, পাল্টাপাল্টি মিছিল আর শ্লোগানের মধ্যে দিয়ে কেটেছে। নির্বাচন পরিচালনাসংক্রান্ত কমিটি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত আইনজীবীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এই হট্টগোলের সৃষ্টি হয়। হট্টগোলের কারণে নির্ধারিত সময় সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু করা যায়নি। নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়।

নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবিতে সকাল পৌনে ১০টা থেকে ভোট কেন্দ্রে অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকেন বিএনপিপন্থি আইনজীবীরা। বেলা সাড়ে ১১টার দিকে ভোটকেন্দ্রের ভেতরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বিএনপিপন্থী আইনজীবীদের মিলনায়তনের ভেতর থেকে পুলিশ বের করে দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জে আইনজীবী ও সাংবাদিকসহ প্রায় ৩০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ১২টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। পরে একাধিকবার বিএনপিপন্থি আইনজীবীরা সংগঠিত হয়ে ভোট কেন্দ্রের দিকে বিক্ষোভ নিয়ে এগিয়ে আসে। পুলিশ ধাওয়া ও লাঠিচার্জ করে বার বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয়।

পরে বিকেল ৩টার দিকে প্রেস ব্রিফিং করেন বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি ও সম্পাদক প্রার্থী। এরপর সাড়ে ৩টার দিকে তারা মিছিল নিয়ে সমিতি প্রাঙ্গণে থাকা ভোটের প্যান্ডেলের দিকে যান। এরপর এক পর্যায়ে প্যান্ডেল ভাঙচুর, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর পরপর আওয়ামী লীগপন্থি আইনজীবীরা শ্লোগানসহ পাল্টা মিছিল করেন। বিএনপিপন্থি আইনজীবীরা সমিতি ভবনের মিলনায়তনের দিকে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পুলিশ আবারও তাদের ধাওয়া করে।

আইনজীবী নির্বাচনের প্রথম দিন ভোট অনুষ্ঠিত হয় সমিতির সভাপতি ও সম্পাদকসহ আওয়ামী লীগ অংশের মনোনীত উপ-কমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে। বিএনপি সমর্থক আইনজীবীরা ভোট প্রদান থেকে বিরত থেকেছে। বুধবার দুপুর থেকে শুরু হওয়া ভোটে দুই হাজার ২১৭ আইনজীবী ভোট দিয়েছেন বলে জানান আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক খান মোহাম্মদ শামীম আজিজ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com