• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আজ দেশের সকল জনগণ এই সরকারের বিদায় চায় : খন্দকার মোশাররফ

প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩ ৭:১০
আপডেট: সোমবার, ২০ মার্চ, ২০২৩ ৭:১০

96663258 17

আজ দেশের সকল জনগণ এই সরকারের বিদায় চায় : খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আজ দেশের সকল জনগণ এই সরকারের বিদায় চায়।’ এ সময় তিনি বলেন, ‘আজ যদি মরহুম খন্দকার দেলোয়ার হোসেন সাহেব বেঁচে থাকতেন, সরকার বিদায়ের আন্দোলনে একজন বিশাল সেনাপতির ভূমিকা পালন করতেন তিনি।’

সোমবার (২০ মার্চ) বিকেলে বিএনপি’র সাবেক মহাসচিব মরহুম অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সরকার গণতন্ত্রকে হত্যা করে ২০১৪ সালে একতরফা নির্বাচন করেছিল। যে নির্বাচনে ১৫৩টি আসনে কোনো ভোট হয়নি। সে নির্বাচনে আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় ছিল। আবার আপনারা দেখেছেন, ২০১৮ সালে দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসেছে।’

তিনি বলেন, ‘জনগণের প্রতি এ সরকারের কোনো দায়বদ্ধতা নেই বলে বড় বড় দুর্নীতি, মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি, ব্যাংক দুর্নীতি, ব্যাংক লুট, চাঁদাবাজি, এমন কোনো অপকর্ম নেই তারা করেনি। যার জন্য আজ দেশের অর্থনীতি ধ্বংসের পথে, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। ডলারের অভাবে ব্যাবসায়ীরা এলসি করতে পারছে না। প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘বিদ্যুতের মাধ্যমে সিন্ডিকেট করে হাজার কোটি টাকা লুট করার সুযোগ করে দিয়েছে সরকার। এর মাধ্যমে আজ অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। বিচারব্যবস্থাকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে। বানোয়াট মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়ে আজকে তাকে গৃহবন্দী করে রেখেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে এই রকম ফরমায়েশি রায় দিয়ে তাকে বিদেশ থাকতে বাধ্য করেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আজ দেশের সকল জনগণ এই সরকারের বিদায় চায়। আজ যদি মরহুম খন্দকার দেলোয়ার হোসেন সাহেব বেঁচে থাকতেন, তিনি সরকার বিদায়ের আন্দোলনে একজন বিশাল সেনাপতির ভূমিকা পালন করতেন। আমরা দুর্ভাগ্যবান, আমরা মরহুম খন্দকার দেলোয়ার সাহেবের স্মরণ সভা করছি। কিন্তু তারই আদর্শকে ধারণ করে আসুন সকলে এদেশের জনগণের যে চাওয়া নিয়ে কাজ করি। মানুষ আওয়াজ দিচ্ছে, যত দ্রুত সম্ভব এই সরকারকে বিদায় করার।’

তিনি বলেন, ‘এই ফ্যাসিস্ট সরকার সহজে যাবে না। আমার বিশ্বাস, এ দেশের জাতীয়বাদী, গণতান্ত্রিক, দেশপ্রেমিক শক্তির নেতৃত্বে জনগণের মধ্যে ইস্পাতকঠিন কোনো ঐক্য সৃষ্টি করে, আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করবো। আর এই কাজ যদি আমরা করতে পারি তাহলে খন্দকার দেলোয়ার হোসেনের স্মৃতির ওপর শ্রদ্ধা নিবেদন সফল হবে, স্বার্থক হবে।’

সাংবাদিক নেতা কবি আব্দুল হাই শিকদারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান, মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যরাসহ আরো অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com