• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমরা জনগণের দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে নামতে বাধ্য হয়েছি

প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩ ২:০৫
আপডেট: বুধবার, ২২ মার্চ, ২০২৩ ২:০৫

9633258 4

আমরা জনগণের দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে নামতে বাধ্য হয়েছি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘ভোট ডাকাতি, দখলদারী, গুম, খুন এবং বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশ গভীর সঙ্কটে পড়েছে। সাধারণ মানুষের জীবনযাপন সহনীয় করতে রমজানে দ্রব্যমূল্যের লাগাম টেনে বাজার নিয়ন্ত্রণের বিকল্প নেই। এ অসহনীয় অবস্থায় আমরা জনগণের দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে নামতে বাধ্য হয়েছি।’

বুধবার (২২ মার্চ) সকালে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো, আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল নেতার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলটি রাজধানীর বাংলামটর থেকে শুরু হয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘রহমত, বরকত ও মাগফেরাতের সওগাত নিয়ে মাহে রমজান আমাদের মাঝে সমাগত। তাকওয়া অর্জনের পাশাপাশি মাহে রমজান আমাদের সমাজ, দেশ ও রাষ্ট্রে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। এ মাসেই প্রথম ইসলাম বিজয়ী হয়েছিল বদরের প্রান্তরে। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা মুসলিম দেশের সরকার ও সকল মুসলমানের ঈমানী দায়িত্ব ও কর্তব্য। তাই রমজানের পবিত্রতা রক্ষায় আমাদের সকলকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টার পাশাপাশি সমাজ থেকে অশ্লীলতা ও বেহায়াপনা দূর করার চেষ্টা করতে হবে।’

তিনি বলেন, ‘রোজার এই সময়ে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। চাল, ডাল, আলু, পেঁয়াজ থেকে শুরু করে তেল, গ্যাস সবকিছুর মূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। অথচ জনগণের ওপরে গণবিরোধী বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে সরকার ফায়দা লুটে নিচ্ছে। দেশের মানুষ এই ব্যর্থ সরকারের কবল থেকে মুক্তি চায়। জনগণের মুক্তির জন্য এই সরকারকে অতি দ্রুত বিদায় করা ছাড়া জনগণের প্রকৃত মুক্তি মিলবে না। দেশের স্বার্থে জনগণকে সাথে নিয়ে রাজপথে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার মাধ্যমে অবৈধ ক্ষমতাসীন গোষ্ঠীকে বিদায় করতে হবে।’

জামায়াত নেতা বলেন, ‘দেশের মানুষের বিপদ ও দুর্যোগে মানবিক সহায়তা নিয়ে ছুটে চলা ডা: শফিকুর রহমান দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের কাছে শ্রদ্ধাভাজন ও সজ্জন ব্যক্তিত্ব। অথচ সরকার রাজনৈতিক প্রতিহিংসায় ডা: শফিকুর রহমানকে গ্রেফতার করে রেখেছে। এই রমজানের শুরুতেই অবিলম্বে আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ গ্রেফতার সকল জামায়াত নেতা ও আলেম ওলামাদের মুক্তি দিতে হবে। না হলে, তীব্র গণআন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে তাদের মুক্তি নিশ্চিত করা হবে।’

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার দেশের সার্বিক পরিবেশকে ভঙ্গুর করে দিয়েছে। তারা জনগণকে জিম্মি করে আজীবন ক্ষমতায় থাকার ষড়যন্ত্রে মেতে উঠেছে। জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরসহ দেশের বিরোধী দলের নেতাকর্মীদের ওয়ারেন্ট-মামলা ছাড়াই গ্রেফতার করা হচ্ছে। তারা ভীতু হয়ে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মণ্ডল, নায়েবে আমির ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানসহ আলেম ওলামাদেরকে দীর্ঘ দিন মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে। নেতা ও আলেম-ওলামাদের মুক্তির জন্য ইসলামপ্রিয় দেশপ্রেমিক জনগণকে নীরবে বসে থাকলে চলবে না। নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতা রুখে দিতে হবে।’

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, মাওলানা এস রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি তৌহিদুল ইসলাম, ঢাকা মহানগরী পূর্বের সেক্রেটারি তাকরিম হাসানসহ ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিভিন্ন থানা আমির ও সেক্রেটারি।

প্রেস বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com