জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, ‘সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য আবার সেই পুরোনো খেলায় মেতে উঠেছে। সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর মিথ্যা মামলা, গ্রেফতার, ঘরে ঘরে তল্লাশি ও নির্যাতনের মাত্রা বহুগুণ বাড়িয়েছে।’
বৃহস্পতিবার সকালে জাগপার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা মরহুম শফিউল আলম প্রধানের মাজার জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
লুৎফর রহমান বলেন, ‘সারাদেশে অসংখ্য নেতাকর্মী বর্তমান সরকারের রোষানলে কারাবন্দি। বিরোধী দলের নেতাকর্মীদের নির্মূল ও পর্যদুস্ত করতে নিষ্ঠুর মিথ্যা মামলার মাধ্যমে সারাদেশকে কারাগারে পরিণত করেছে। সরকার দেশকে শক্তিশালী বিরোধী দল শূন্য করতে এখন বেপরোয়া ভূমিকায় মাঠে নেমেছে। তারা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়ে চারদিকে ভীতির বিস্তার ঘটাচ্ছে, যেন সরকারের বিরুদ্ধে কেউ আওয়াজ করার সাহস না পায়।’
জাগপার সভাপতি বলেন, ‘১৯৮০ সালের ৬ এপ্রিল মজলুম জননেতা, আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের বলিষ্ঠ কণ্ঠস্বর মরহুম শফিউল আলম প্রধান জাগপা প্রতিষ্ঠা করেছিলেন। ওই সময়ে দেশে বিরাজমান জাতীয় সঙ্কটের কারণে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল তা পূরণ করতে জাগপার প্রতিষ্ঠা করেন তিনি। আশির দশকের শুরু থেকেই অদ্যাবধি জনগণের সকল সঙ্কটে রাজপথে থেকে সারাদেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আবুল হোসেন, নগর সভাপতি মোহাম্মদ হেসেন মোবারক, যুব জাগপা সভাপতি মীর আমির হোসেন আমু, যুবনেতা ওসমান আলী শেখ, আতিকুর রহমান প্রমুখ।













