• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আজ দেশের সব উপজেলা ও থানায় অবস্থান কর্মসূচি বিএনপির

প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ৬:৫৮
আপডেট: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ৬:৫৮

 

নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ১০ দফা দাবিতে বিএনপি অবস্থান কর্মসূচি পালন করবে আজ।

শনিবার (৮ এপ্রিল) সুষ্ঠ ও নিরপেক্ষ আগামী সাধারণ নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে দেশের সব উপজেলা ও থানায় দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।

এছাড়া সম্প্রতি বৃদ্ধি পাওয়া বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি এবং আওয়ামী লীগ সরকারের সর্বব্যাপী দুর্নীতির বিরুদ্ধে দলের প্রতিবাদ জানানোর জন্যও এই কর্মসূচি।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গণমাধ্যমে বলেন, দলের সিনিয়র নেতাদের অংশগ্রহণে সারাদেশের সব উপজেলা ও থানায় বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচি সফল করতে ইতোমধ্যে তাদের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন উপজেলায় গেছেন।

টিপু বলেন, ঢাকা উত্তর মহানগর বিএনপি ২৬টি থানায় এবং দলের ঢাকা দক্ষিণ মহানগর শাখা ২৪টি থানায় কর্মসূচি পালন করবে।

বিএনপি ছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি শনিবার বিকাল ৩টায় রাজধানীর পান্থপথে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে ১ এপ্রিল বিএনপি ও এর সহযোগী সংগঠন ও সমমনা দলগুলো ১০ দফা দাবি মেনে নিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সব বিভাগীয় শহর ও জেলা শহরে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করে।

২০২২ সালের ২৪ ডিসেম্বর বিএনপি ও সমমনা দল ও জোট বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের অভিন্ন লক্ষ্য নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করে। এ পর্যন্ত তারা ১০ দফা দাবি আদায়ে দেশের সব ইউনিয়ন, জেলা ও বিভাগীয় শহরে সমাবেশ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও পদযাত্রা কর্মসূচির আয়োজন করেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম