আগামী জাতীয় সংসদ নির্বাচন ও মানুষের মুক্তির জন্য সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।
তিনি বলেন, আল্লাহর আইন বাস্তবায়নের অংশ হিসেবে সংসদে নামাজের বিরতি ও মৃত ব্যক্তির জন্য দোয়ার আইন জামায়াতে ইসলামীর প্রস্তাবে পাস হয়েছিল। আমাদের অহংকারমুক্ত জীবন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও আল্লাহর সাহায্য চেয়ে জীবন পরিচালনা করতে হবে।
আজ শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার উদ্যোগে ভার্চুয়ালি কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মজিবুর রহমান বলেন, তাকওয়ার চেতনায় আমাদের কাজ করে দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কোরআন-সুন্নাহকে আঁকড়ে ধরে আল্লাহর ভয়ে জীবনের প্রতিটি কাজ করতে হবে, মানুষের তৈরি আইনের পরিবর্তন করে কোরআনের সমাজ বিনির্মাণে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।
ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। তিনি ফ্যাসিবাদ, স্বৈরাচার ও ধ্বংসাত্মক এ সরকারের বিরুদ্ধে আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিতে বলেন। আমরা একটি পরিবর্তন চাই; তা হবে নিজের, পরিবারের, সমাজের এবং দেশের। এ জন্য কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে।
মাওলানা এ টি এম মাছুম বলেন, আমাদের পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে, ৯০ ভাগ মুসলমানের দেশে ইসলামের কোনো আইন নেই। তাই কোরআনের সমাজ প্রতিষ্ঠায় আমাদের ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিন, ড. এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দীকি প্রমুখ।












