• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না: রিজভী

প্রকাশ: রবিবার, ৭ মে, ২০২৩ ৪:৪২
আপডেট: রবিবার, ৭ মে, ২০২৩ ৪:৪২

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন সুষ্ঠু নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হয়নি, ভবিষ্যতেও হবে না। ভোটের অধিকার আদায়ে সারাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। এবার আর সরকার রক্ষা পাবে না। অচিরেই সরকারের পতন হবে।

রবিবার (৭ মে) দুপুরে নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আজ বলেছেন “

‘‘নির্বাচন কমিশন স্বাধীন, তাদের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে’’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য সাংবাদিকরা নজরে আনলে রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেব আয়নায় নিজের চেহারা দেখুন। ২০১৪ সালে, ২০১৮ সালে কিভাবে দিনের ভোট রাতে দেয়া হয়েছে বাংলাদেশসহ বিশ্ববাসী তা দেখেছে। আপনাদের অধীনে আজ পর্যন্ত কোন নির্বাচন সুষ্ঠু হয়নি। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সকল নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে। জনগণ তাদের নিজের ভোট দিতে পারেনি। এবার আর জনগণ আপনাদের বিশ্বাস করবে না। আপনারা জনগণের সঙ্গে বার বার যে প্রতারণা করেছেন তারা সে জবাব এবার দিবে।

দেশব্যাপি আবারও গ্রেফতার নির্যাতন চলছে উল্লেখ করে বিএনপির এই শীর্ষনেতা বলেন, কোন কারণ ছাড়াই ৭ ডিসেম্বর পুলিশ নয়াপল্টনে হামলা করেছিল। ৪৭০জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছিল। সে হামলা ছিল পরিকল্পিত। কারাগারে গিয়ে দেখি গোটা কারাগার বিএনপি নেতা-কর্মী দ্বারা পরিপূর্ণ। কারও পায়ে সেন্ডেল, কেউ কেউ লুঙ্গি পড়া। এরা অতিসাধারণ বিএনপি নেতাকর্মী। তারা বিএনপির শান্তিপূর্ণ কর্মসুচিতে অংশ নিতে ঢাকায় এসেছিল।

তিনি বলেন, গোটা দেশটাই আজ কারাগার। আমরা ছোট কারাগার থেকে বৃহৎ কারাগারে প্রবেশ করেছি মাত্র। আটক করে, নিপীড়ন করে জনগণকে আর দাবিয়ে রাখা যাবে না। গ্রেফতার করে নির্যাতন করে গণজোয়ার ঠেকাতে পারবে না সরকার। এবার জনগণের বিজয় হবেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবীনদের স্বাগত জানাতে গিয়ে ছাত্র দলের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, বর্তমানে ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে।

বিচারপতি শামসুদ্দিন মানিকের উপর হামলার ঘটনায় যুবদলের নেতাদের জামিন দেয়া হচ্ছে না অভিযোগ করে রিজভী বলেন, বিএনপি বা যুবদলের কোন নেতাকর্মী তার ওপর হামলা করেনি। এ ঘটনা সাজানো ও মিথ্যা। বিএনপির তরুণ নেতৃত্বকে ধ্বংস করতে সাজানো মামলা দেয়া হয়েছে। বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষ জানে, বিচারপতি মানিক একজন নিপীড়ক বিচারপতি ছিলেন। এখনও তিনি তদবির করছেন মিথ্যা সাজানো মামলায় যাতে কেউ জামিন না পান।

রিজভী বিচারপতিদের প্রতি আহবান জানান, তারা যেন ন্যায় বিচার করেন এবং আটক নেতা-কর্মীদের জামিন দেন।

এসময় সাইফুল আলম নিরব, গোলাম মওলা শাহীন, এসএম জাহাঙ্গীর, রফিক হাওলাদারসহ আটক সকল নেতাকর্মীর মুক্তি দাবি করেন তিনি।