• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন আজ

প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ৭:১৮
আপডেট: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ৭:১৮

Capture 71

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন আজ

আজ সোমবার জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। একই দিনে দেশের সাতটি পৌরসভাসহ মোট ৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনি এলাকাগুলোতে গত শনিবার সকালে নির্বাচনি প্রচারণা বন্ধ এবং মধ্যরাতে মোটরসাইকেল চালাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল রোববার রাত ১২টার পর থেকে নির্বাচনি এলাকায় সাধারণভাবে ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার ও ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে মহাসড়কগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকছে। এ ছাড়া নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জরুরি সেবার কাজে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নানা কারণে দেশবাসীর মনোযোগ কেড়েছে। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়।

নির্বাচন কমিশন এই উপনির্বাচনে ইভিএম ব্যবহার না করে ব্যালটের মাধ্যমে ভোট নিতে যাচ্ছে। তবে প্রতিটি ভোটকেন্দ্রের ভোটকক্ষগুলোতে সিসি ক্যামেরা থাকবে। এই আসনের মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০।

১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আট জন। তাদের মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টি-জাপার সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম (হিরো আলম) ও মো. তারিকুল ইসলাম।

প্রার্থীদের মধ্যে প্রচারণায় বেশি তত্পর ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মোহম্মদ আলী আরাফাত এবং একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। এই নির্বাচনে রাজপথের প্রধান বিরোধী বিএনপি অংশ নেয়নি। এ ছাড়া প্রায় প্রতিটি নির্বাচনে অংশ নেওয়া দল ইসলামী আন্দোলন বাংলাদেশও প্রার্থী দেয়নি।

যে ৭৮টি স্থানীয় সরকারপ্রতিষ্ঠানের নির্বাচন :সোমবার যে ৭৮টি স্থানীয় সরকারপ্রতিষ্ঠানের নির্বাচন হতে যাচ্ছে, তার মধ্যে সাধারণ নির্বাচন বা সব পদে নির্বাচন হবে ৩৯টিতে। এর মধ্যে সাতটি পৌরসভায় সাধারণ নির্বাচন হবে। এই সাত পৌরসভায় ভোট গ্রহণ করা হবে ইভিএমে। পৌরসভাগুলো হচ্ছে পিরোজপুরের ভাণ্ডারিয়া, চাঁদপুরের ছেংগারচর, কুমিল্লার দেবীদ্বার, যশোরের বেনাপোল, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট ও সিরাজগঞ্জের তাড়াশ। এ ছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর, জামালপুরের জামালপুর ও নীলফামারীর ডোমার পৌরসভায় কাউন্সিলর পদে উপনির্বাচন হবে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে রাজশাহীর বাঘা ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। এ ছাড়া ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এর মধ্যে ২৯টিতে সাধারণ ও ৩৭টিতে উপনির্বাচন হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com