• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচন নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার : প্রিন্স

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ১:৫০
আপডেট: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ১:৫০

9666895 9

নির্বাচন নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার : প্রিন্স

নিউজ ডেস্ক

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন নিয়ে জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে গুম-খুনের মাধ্যমে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে ময়মনসিংহ মহানগরীর নতুন বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনের সড়কে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির যৌথ উদ্যোগে মৌন মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে দেশে গুমের শিকার ব্যক্তিদের সন্ধান দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে এই মৌন মিছিল করেন।

মিছিলপূর্ব সমাবেশে এমরান সালেহ প্রিন্স বাংলাদেশে গুমের শিকার সব ব্যক্তি ও পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন, শেখ হাসিনার শাসনামলে দেশে গুম-খুনের মাধ্যমে ভীতিকর ও নৃশংস অবস্থার সৃষ্টি হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম করেছে। আজ পর্যন্ত একটি ঘটনারও ন্যায়বিচার পাওয়া যায়নি। গুম মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ, মানবাধিকারের চরম লঙ্ঘন। সাবেক এমপি ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু, কাউন্সিলর চৌধুরী আলমসহ বিএনপিরই অন্তত ৬০০ নেতাকর্মীকে গত ১৫ বছরে গুম করা হয়েছে। এখন পর্যন্ত অর্ধ-শতাধিক নেতাকর্মীর কোনো খোঁজ পাওয়া যায়নি। অথচ সরকার তা অস্বীকার করে বলছে, এগুলো সব ভাঁওতাবাজি। কিন্তু আন্তর্জাতিক মিডিয়া ও মানবাধিকার সংস্থাগুলো গুম সেন্টার আয়না ঘরসহ তথ্যপ্রমাণ দিলেও সরকার এসব বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। আসলে গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন, আইনের শাসন নিয়ে সরকারই জনগণের সঙ্গে ভাঁওতাবাজি, প্রতারণা, মিথ্যাচার করছে।

তিনি বলেন, জাতিসংঘ প্রতি বছর ৩০ আগস্ট গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালন করলেও বাংলাদেশে আওয়ামী লীগ সরকার তা পালন করে না। কারণ, তারা নিজেরাই মানুষ গুম করছে। জলজ্যান্ত মানুষগুলো নিখোঁজ হয়ে যাচ্ছে। তবে রেখে গিয়েছেন মর্মান্তিক ও বেদনাবিধুর বাংলাদেশ, যেখানে আমাদের অর্জিত মানবাধিকার ও মূল্যবোধ লংঘিত, লুণ্ঠিত। জনসমর্থনহীন ও ভোটারবিহীন সরকার গুমকে টিকে থাকার অবলম্বন করেছে। গুম হওয়া মানুষদের বেদনার্ত পরিবার এখনও পথ চেয়ে বসে আছে প্রিয়জনদের ফিরে আসার সম্ভাবনায়। রাষ্ট্র সমাজে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ সৃষ্টির জন্যই গুমকে কৌশল হিসেবে ব্যবহার করে ফ্যাসিস্ট শাসকেরা। মূল লক্ষ্য -বিরোধী রাজনীতি ও বিরোধী কন্ঠকে নির্মূল করা।

বিএনপির এই নেতা বলেন, গুমের অব্যাহত পরিস্থিতিতে দেশে সৃষ্টি হয়েছে এক ভয়ংকর নৈরাজ্য। বাংলাদেশ অরাজকতার ঘন অন্ধকারে ডুবে গেছে । মানবতাহীন এক নিষ্ঠুর সমাজ কায়েম করেছে সরকার।

তিনি অবিলম্বে গুমের শিকার সব ব্যক্তিকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বলেন, কেবলমাত্র একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক সরকার গঠন হলেই গুম, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যার মতো মানবতাবিরোধী অপরাধ দূর হবে, জনজীবনে স্বস্তি ফিরে আসবে। প্রিন্স বলেন, একদফা আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি আসছে। সকল বাধা অতিক্রম করে দাবি আদায় করতে হবে।

ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শুক্কুর মাহমুদ ববি বক্তব্য রাখেন ।

পরে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে নতুন বাজার পর্যন্ত গেলে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। দীর্ঘক্ষণ বাগ্‌বিতণ্ডার পর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে মৌন মিছিলের সমাপ্তি ঘোষণা করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

পরে প্রিন্সের নেতৃত্বে জেলা ও মহানগর নেতারা ডিআইজি কার্যালয়ে গিয়ে মৌন মিছিলে বাধা প্রদান করায় প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা না দেয়ার আহ্বান জানান। নেতারা বিনা ওয়ারেন্টে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানিরও প্রতিবাদ জানিয়ে তা বন্ধ করার আহ্বান জানান। ডিআইজির পক্ষ থেকে তার স্টাফ অফিসার নেতাদের বক্তব্য শোনেন ।

এ সময় ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার উপস্থিত ছিলেন ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com