• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

অর্থনৈতিক অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারীদের প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৭:৩৫
আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৭:৩৫

অর্থনৈতিক অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারীদের প্রতিহত করতে হবে অর্থমন্ত্রী
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দুর্বৃত্তরা দেশের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত করতে চাইছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সবাই মিলে তাদের প্রতিহত করতে হবে। সরকার, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সম্মিলিতভাবে এ দায়িত্ব পালন করতে হবে। কারণ এটি শুধু সরকারের স্বার্থ নয়, দেশের প্রতিটি মানুষের স্বার্থ। অর্থনীতির সুফল বাংলাদেশের সকল মানুষকে ভোগ করতে হবে। এর জন্য দেশকে স্থিতিশীল রাখতে হবে। বিগত সরকারে মতো অর্থনীতিকে দুর্বৃত্তায়ন করলে চলবে না। অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে।

আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সঙ্গে আমাকে অর্থনৈতিক অগ্রগতিতে এগিয়ে যেতে হবে। বিগত দিনে দেশের অর্থনীতি যেভাবে কিছু মানুষের হাতে পুঞ্জীভূত ছিল, আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। আমরা অর্থনীতির গণতন্ত্রায়নের কথা বলছি। শুধু রাজনীতির গণতন্ত্রায়নের মাধ্যমে কোনো দেশ এগোতে পারে না, অর্থনীতিরও গণতন্ত্রায়ন করতে হবে।’

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিতে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে বাংলাদেশের প্রতিটি মানুষ অংশগ্রহণ করতে পারে এবং অর্থনৈতিক অগ্রগতির সুফল ভোগ করতে পারে। এ লক্ষ্য অর্জনে দেশকে স্থিতিশীল রাখতে হবে। দেশ স্থিতিশীল থাকলে অর্থনীতি টেকঅফ করতে পারবে। এ সরকারের যে পরিকল্পনা, আমরা যদি দেশকে স্থিতিশীল রাখতে পারি, ইনশাআল্লাহ পাঁচ বছর শেষে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এমন জায়গায় যাবে, যেখানে প্রত্যেকের জন্য কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টির যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি, তা সফলভাবে পূরণ করতে পারব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে নিরাপদ রাখতে সরকার ও সিটি করপোরেশন কাজ করছে। নগরে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হচ্ছে। এ জন্য প্রতিটি ওয়ার্ডে গ্রিন ক্লাব গড়ে তোলার আহ্বান জানান তিনি।

নিজের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সিটি করপোরেশন একসময় ঋণের ভারে জর্জরিত ছিল। দেনা পরিশোধ করে তিনি দেড়শ কোটি টাকা জমা রেখেছেন। তবে নগরের অন্যতম সমস্যা হলো সিটি গভর্নমেন্ট না থাকা। একসময় এ ব্যবস্থা থাকলেও আওয়ামী লীগ সরকার তা রহিত করে দিয়েছিল। অর্থমন্ত্রীর প্রতি চট্টগ্রামকে সিটি গভর্নমেন্টের আওতায় আনার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, স্বাধীনতার পর চট্টগ্রাম প্রথমবারের মতো একজন অর্থমন্ত্রী পেয়েছে। ব্যবসায়ীরা বিভিন্ন সময় হয়রানি ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ জানান। নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সরকারের অঙ্গীকার। দেশ সবার, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রাম বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউস নিয়ে অর্থমন্ত্রীর সুদূরপ্রসারী পরিকল্পনা জানতে চান তাঁরা। এসব প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও গতিশীল করা গেলে দেশের অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যে চট্টগ্রামের ভূমিকা আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের।

চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ বলেন, এবার ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে। এ মেলার মূল উদ্দেশ্য ছিল চট্টগ্রামের মানসম্মত শিল্পপণ্য প্রদর্শন। প্রথম মেলা হয়েছিল জিমনেশিয়াম মাঠে। তৎকালীন সময়ে জহির উদ্দিনের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া সেই মেলা ছিল মাত্র তিন দিনের।

তিনি বলেন, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগের সময় তিন ঘণ্টায় নামিয়ে আনা গেলে আকাশপথের ওপর চাপ কমবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

সিআইটিএফের চেয়ারম্যান ও চেম্বার পরিচালক এসএম সাইফুল আলম বলেন, এবারের মেলা আয়োজনের পেছনে চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী অক্লান্ত পরিশ্রম করেছেন। এক মাসব্যাপী এ মেলা সুষ্ঠুভাবে পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে চট্টগ্রামবাসীকে মেলা পরিদর্শনের আমন্ত্রণ জানান।

এ সময় চেম্বারের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য স্থায়ী ভেন্যু তৈরির বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

প্রসঙ্গত, দুই বছর বিরতির পর আবারও শুরু হয়েছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নগরের রেলওয়ে পলোগ্রাউন্ডে আয়োজিত ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)-২০২৬ উদ্বোধন করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মেলায় দেশি-বিদেশি ৩০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে রয়েছে ২০টি প্যাভিলিয়ন ও ২১৬টি স্টল। ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের উদ্যোক্তারা মেলায় অংশ নিয়েছেন। মেলায় দেশি-বিদেশি পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের মধ্যে যোগাযোগ এবং ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।

আয়োজক সূত্রে জানা গেছে, ১৯৯৩ সাল থেকে চট্টগ্রাম চেম্বার নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করে আসছে। তবে বিভিন্ন কারণে গত দুই বছর মেলা আয়োজন করা সম্ভব হয়নি। এবার নতুন করে মেলা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও শিল্পপণ্যের প্রচার-প্রসারে নতুন গতি আসবে বলে প্রত্যাশা আয়োজকদের।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ৩০ টাকা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম