• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতেই হামলা-গ্রেপ্তার-মামলা দেয়া হচ্ছে: ফখরুল

প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৩০
আপডেট: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৩০

9666326

বিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতেই হামলা-গ্রেপ্তার-মামলা দেয়া হচ্ছে: ফখরুল

নিউজ ডেস্ক
বিএনপি নেতাকর্মীদের দুর্বল করতে ও মনোবল ভেঙে দিতেই হামলার পর গ্রেপ্তার ও মিথ্যা মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, গত ২রা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় রাজবাড়ী জেলা বিএনপির শান্তিপূর্ণ শোভাযাত্রায় পুলিশ সম্পূর্ণ বিনা উস্কানিতে নির্বিচারে গুলিবর্ষণ করেছে। এতে শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রায় ৬০ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন। ওই সময়ে পুলিশ ২৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে। এছাড়া উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে পরদিন পুলিশ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও নাসিরুল হক সাবু, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মন্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, সুলতানুল ইসলাম মুন্নু, হাবিবুর রহমান রাজা, আবদুল মালেক শিকদার সহ ১১৬ জন নেতাকর্মীর নামে এবং অজ্ঞাত আরও ২৮০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের এই ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব ।

তিনি বলেন, আওয়ামী লীগের বৈশিষ্ট্যই হচ্ছে নিজের অপরাধ অন্যের ঘাড়ে চাপানো। রাজবাড়ীতে জেলা বিএনপি’র উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র‌্যালিতে পুলিশ বেপরোয়া গুলিবর্ষণ করে ৬০ জন নেতাকর্মীকে গুলিবিদ্ধ করাসহ ২৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করার মাধ্যমে কারান্তরীণ করার পরও জেলা বিএনপি’র গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দসহ ১১৬ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ২৮০০ জনকে আসামি করে মামলা দায়েরের ঘটনা অন্যের ওপর দোষ চাপানোরই কূটকৌশল। কেবলমাত্র রাজনৈতিক স্বার্থসিদ্ধি ও রাজবাড়ী জেলা বিএনপি’র নেতাকর্মীদের দুর্বল করতে এবং মনোবল ভেঙে দিতেই বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে গুলি চালিয়ে গুরুতর আহত করা, নির্বিচারে গ্রেপ্তার ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই ধরনের অপকৌশল আওয়ামী লীগের চিরাচরিত। মানুষের রক্তে হাত রঞ্জিত করা, গ্রেফতার, মিথ্যা মামলা দায়েরসহ নানা কায়দায় নির্যাতন-নিপীড়ণ চালানো কেবল আওয়ামী লীগেরই মানায়, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনেপ্রাণে ঘৃণা করে।

অবিলম্বে রাজবাড়ীতে গ্রেফতারকৃত বিএনপি নেতাকর্মীদের শর্তহীন মুক্তি এবং নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের জোর আহবান জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com