• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নারায়ণগঞ্জে বিএনপির আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ৭:৫৮
আপডেট: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ৭:৫৮

নারায়ণগঞ্জে বিএনপির আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে এক রাতে আরও পাঁচ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতভর নারায়ণগঞ্জ শহর ও উপজেলা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা। তিনি বলেন, গতরাতের অভিযানে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় ওয়ারেন্ট ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শেখ জামাল, রূপগঞ্জ সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের যুবদল নেতা ফারুক।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, গত দুই রাতে বিএনপির মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতের আঁধারে বাড়ি থেকে উঠিয়ে এনে থানায় মামলায় জড়ানো হচ্ছে। ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত জেলাজুড়ে প্রায় ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।