• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

চিকিৎসক গ্রেফতারে উদ্বেগ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের

প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ৩:৫৮
আপডেট: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ৩:৫৮

 

নিউজ ডেস্ক
বিনা অভিযোগ এবং ওয়ারেন্টে চিকিৎসক গ্রেফতারে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে ডা. রফিকুল ইসলাম বলেন, চারিদিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন জনতার প্রতিবাদ তুঙ্গে, ঠিক তখনই হিংস্রতার এক ভয়ঙ্কর রূপ নিয়ে আবির্ভূত হয়েছে এই সরকার ও তার কুশীলবরা। রাজপথে নৃশংসতার পাশাপাশি বিরোধীমতকে নজিরবিহীন দমনের অপচেষ্টায় লিপ্ত হয়েছে তারা। তারই ফলশ্রুতিতে মহান পেশার চিকিৎসকদের কর্মস্থল ও বাসা থেকে তুলে নেয়ার মত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। রাজশাহী মেডিক্যাল কলেজের ছাত্রদলের সাবেক আহবায়ক ও সিরাজগঞ্জ জেলা ড্যাবের সদস্য সচিব ডা. আতিকুল আলমকে কাজীপুর উপজেলায় তার নিজ বাসা থেকে এবং মেডিসিন বিশেষজ্ঞ সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের ৩৩তম ব্যাচের সাবেক ছাত্র চিকিৎসক ডা. এম এ আজিজকে মাল্টিকেয়ার হাসপাতালে তার পেশাগত চেম্বার থেকে বিনা অভিযোগ ও ওয়ারেন্টে গ্রেফতার করে গায়েবি মামলার আসামি করেছে পুলিশ।

তিনি বলেন, অতীতেও বিভিন্ন সময় স্বৈরাচারী সরকারগুলো চিকিৎসার ন্যায় মহৎ পেশার ওপর নির্যাতন করেছে যার ফলাফল কোনোদিন ভালো হয়নি। ৯০ -এর গণআন্দোলন বেগবান হয়েছিল শহীদ ডা. মিলনের আত্মাহুতি দেয়ার মাধ্যমে। সুতরাং এরকম গেস্টাপো বাহিনী দিয়ে নিপীড়ন এই সরকারের পতন আরো বেগবান করবে। অতীতেও এই সরকার ও তার কুশীলবরা বিভিন্ন সময়ে চিকিৎসকদের ওপর নানা রকম নির্যাতন করে আসছে, এমনকি লক্ষ্মীপুরে শুধুমাত্র রাজনৈতিক পরিচয় থাকায় ডা. ফয়েজ আহমেদকে মাথায় গুলি করে হত্যার মত ঘটনা ঘটেছে ২০১৩ সালে।

শুধুমাত্র রাজনৈতিক পরিচয় থাকায় দু’জন চিকিৎসককে নির্যাতন ও গ্রেফতার করায় চরম উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন ডা. রফিকুল ইসলাম। এবং একই সাথে তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি ও তাদের নামে কোনো ধরনের মিথ্যা মামলা না দেয়ার দাবি জানিয়েছেন।

নতুবা এরকম হয়রানি ও নির্যাতন যদি এই মহান পেশার ওপর চলমান থাকে, তবে দেশের সকল চিকিৎসক জনগণকে সাথে নিয়ে চলমান আন্দোলনকে আরো বেগবান করতে শোককে শক্তিতে পরিণত করবেন বলে জানিয়েছেন ডা. রফিকুল ইসলাম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম