• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

রূপগঞ্জে ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ, আহত-২০

প্রকাশ: বুধবার, ২ মার্চ, ২০২২ ৩:৫১
আপডেট: বুধবার, ২ মার্চ, ২০২২ ৩:৫১

69857
 

সিনিয়র করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুইপক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার বিকেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ শহরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সভায় অংশগ্রহণ করতে বুধবার দুপুরে রূপগঞ্জের ছাত্রদল নেতা মাসুদুর রহমানের নেতৃত্বে শতাধিক ছাত্রদল নেতাকর্মীরা ভুলতা ফ্লাইওভার এলাকায় অবস্থান নেয়। এসময় উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল ও উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান সবুজের নেতৃত্বে নেতাকর্মীরা একই জায়গায় অবস্থান নেয়। একপর্যায়ে দুইপক্ষের মাঝে বাকবিতন্ডা হয়। পরে দুইপক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। সংঘর্ষে ছাত্রদল নেতা মাসুদুর রহমান, নেতা মেহেদী, ইয়াছিন, মাছুম, শাহদাত, সাগর, রমজানসহ ৯ জন আহত হন। অপরদিকে, ভুলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ, গোলাকান্দাইল ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন, যুবলীগ নেতা বাবু, রিপন ও হৃদয়সহ ১১ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালে মোটরসাইকেল, বাসসহ বেশকয়েকটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে ভুলতা ফ্লাইওভার এলাকার আশেপাশে অবস্থিত গাউছিয়া মার্কেট, তাতঁবাজার, রাবেত আল হাসান ও হক সুপার মার্কেটের ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ চালিয়ে দুপক্ষকেই ছাত্রভঙ্গ করে।

ছাত্রদল নেতা মাসুদুর রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কেন্দ্রীয় পূর্বঘোষিত কর্মসূচীতে আংশগ্রহন করতে নারায়ণগঞ্জ শহরে যাওয়ার জন্য ছাত্রদলের নেতাকর্মীরা ভুলতা এলাকায় অবস্থান নেয়। এসময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিলে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালায়। হামলায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান সবুজ বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ভুলতা এলাকায় অবস্থান নিয়ে বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন। এসময় তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে গাড়ি ভাংচুর করতে থাকেন। এসময় ছাত্রদলের নেতাকর্মীদের প্রতিহত করতে আমরা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অবস্থান নেই। এসময় ছাত্রদলের নেতাকমর্ীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। ছাত্রদলের হামলায় ছাত্রলীগ ও যুবলীগের অনেক নেতাকর্মী আহত হয়েছে।

ঘটনাস্থলে থাকা ভুলতা ফাড়ির উপ-পরিদর্শক হুমায়ন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধাওয়া দিয়ে দুইপক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে এ ব্যাপারে বক্তব্য নিতে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদের মুঠোফোনে বেশকয়েকবার ফোন দেওয়া হলেও তিনি তার ব্যবহৃত মোবাইল রিসিভ করেননি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম