• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ত্রিপুরায় আটক ১৪ বাংলাদেশি

প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫ ২:০২
আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫ ২:০২

96586

আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ত্রিপুরায় আটক ১৪ বাংলাদেশি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ত্রিপুরায় আটক হওয়া ১৪ জন বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে ছয়জন নারী, একজন শিশু এবং সাতজন পুরুষ।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ত্রিপুরা থেকে আখাউড়া স্থলবন্দরে পৌঁছান তারা। ফেরত পাঠানোর সময় আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট ওমর শরীফ, আখাউড়ার ইউএনও জি.এম. রাশেদুল ইসলাম, ইমিগ্রেশন পুলিশের ওসি মো. আব্দুস সাত্তার, বিজিবি, বিএসএফ ও ব্র্যাক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেরত আসা ব্যক্তিদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর প্রিয়জনকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে।

ফেরত আসা লিজা আক্তার নড়াইল জেলার বাসিন্দা। পরিবারের দাবি, দালালের খপ্পরে পড়ে বিউটি পার্লারে কাজের আশায় ভারতে যান তিনি। কিন্তু সেখানে কাজ না পেয়ে আটক হয়ে জেল খাটতে হয় তাকে। নেত্রকোনার খালিয়াজুড়ির স্বপন দাসও একইভাবে কাজের সন্ধানে গিয়ে কারাভোগ করেন।

তাদের সঙ্গে ফিরেছেন—ফেনীর মো. ইসমাইল, হারুণ মজুমদার, নারায়ণগঞ্জের পাপিয়া আক্তার, গোপালগঞ্জের লিজা খানম, নড়াইলের লিজা খাতুন, চাঁদপুরের আশা মনি, খুলনার মো. মাহফুজুল ইসলাম, তাহিয়াতুন নেসা, আঁখি ইসলাম, নেত্রকোনার সঞ্জয় দাস ও সুনামগঞ্জের বিপুল দাস, যিশু কান্তি দাস এবং সুশেন দাস।

ফেরত আসা লিজা আক্তারের বাবা নুরুল ইসলাম জানান, তার মেয়ে দালালদের খপ্পরে পড়ে ভারতে যায়। সেখানে একটি বিউটি পার্লারে তাকে কাজ দেওয়ার কথা ছিল। এখন সে জেল খেটে ফিরে এসেছে। মেয়েকে ফিরে পেয়ে তিনি বেশ খুশি।

নেত্রকোনার খালিয়াজুড়ির স্বপন দাসের ভাই তপন দাস বলেন, ধান কাটার কাজ করতে গত বছরের জ্যৈষ্ঠ মাসে আমার ভাই ভারতে চলে যায়। পরে সেখানে আটক হয় বলে আমরা জানতে পারি। এখন সরকারের মাধ্যমে ভাইকে ফেরত পেয়ে আমরা খুব খুশি হয়েছি।

ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের ডেপুটি ম্যানেজার শায়লা শারমিন জানান, বিভিন্ন দেশে আটকে পড়াদের ফেরত আসার সহযোগিতার মতোই আমরা এই ১৪ জন বাংলাদেশির পাশে দাঁড়িয়েছি। ফেরত আসা বাংলাদেশিদের আর্থিক ও জরুরি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট ওমর শরীফ জানান, কাজের সন্ধানে অবৈধভাবে ভারত গিয়ে আটক হন ১৪ জন বাংলাদেশি। পরে আদালতের আদেশে কারাভোগ শেষে তাদেরকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। আগরতলায় ক্ষণস্থায়ী কারাগারে আটক আরও ৩৩ জন বাংলাদেশিকে ফেরত আনার সিদ্ধান্ত হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com