জয়পুরহাট প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
তিনি বলেন, ‘জনগণের অধিকার রক্ষায় স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব অপরিসীম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণকে সংগঠিত করে বিএনপির প্রার্থী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। সব ভেদাভেদ ভুলে দলকে আরও সুসংগঠিত করে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।’
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে জয়পুরহাট শহরের মাদরাসাপাড়া এলাকায় এসো কার্নিভালে জেলা বিএনপির উদ্যোগে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও যুগ্ম আহ্বায়ক এম. এ. ওহাবসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কৌশল ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।












