• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কলকাতার এক ফার্মেসীতে দেখা গেলো এমপি কামরুলকে

প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ৪:১৮
আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ৪:১৮

96669696 3

কলকাতার এক ফার্মেসীতে দেখা গেলো এমপি কামরুলকে

জনতার আওয়াজ ডেস্ক
৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অবৈধভাবে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন।

এরপর দীর্ঘ প্রায় আড়াই মাস পর রবিবার (১৩ অক্টোবর) তাকে কলকাতার মারকুইস স্ট্রিটের একটি ফার্মেসি দেখা গেছে। রবিবার রাত থেকে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

রবিবার সেজান মাহমুদ নামে কুষ্টিয়ার স্থানীয় এক যুবক বেশ কিছু ছবিসহ ফেসবুকে একটি পোস্ট দিয়ে লিখেন, ‘কুষ্টিয়া ২ আসনের সাবেক আওয়ামী লীগের এমপি কামারুল আরেফিন (ফাটাকেস্ট)। কলকাতায় আমার হোটেলের সামনে একটি ওষুধের দোকানে দেখা হলে আমি যখন ভিডিও করতেছিলাম বুঝতে পেরে ওই এলাকা দ্রুত ত্যাগ করেন। বেচারাকে খুব অসহায় মনে হইতেছিল। এক সময়ের খুব প্রভাবশালী নেতা যে হাসানুল হক ইনুকে ২০২৪ সালের ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে হারিয়েছে।’

এদিকে তার দেশত্যাগের বিষয়টিতে ক্ষোভ জানিয়েছেন কুষ্টিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলছেন, সরকার পতনের পর কামারুল আরেফিন দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে তার কয়েকজন সহযোগীসহ ভারতে পালিয়ে যান। তারা পালিয়ে যাওয়ায় প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। হত্যা, সন্ত্রাস, টেন্ডারবাজী, দখলদারি, চাঁদাবাজিসহ অসংখ্য অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইন্টারপোলের মাধ্যমে তাকে ও তার সহযোগীদের দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।

স্থানীয়দের অভিযোগ, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক এমপি কামারুল আরেফিন অনিয়ম দুর্নীতির ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। দেশ-বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। তিনি কুষ্টিয়ায় টেন্ডারবাজি, মাদক ব্যবসায়, অবৈধভাবে বালু উত্তোলন, নদীর জায়গায় মাছ চাষ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন। অসংখ্য মানুষকে নির্যাতন-নিপীড়ন করেছেন সন্ত্রাসী বাহিনীর এই গডফাদার। আমরা তাদের বিচার চাই। তাদের সকল অপরাধ সুষ্ঠু তদন্ত করা হোক। ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তাদের অত্যাচারে অসংখ্য মানুষ ঘরছাড়া, অনেক মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি।

কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত গণমাধ্যমকে বলেন, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা কামারুল আরেফিনকে ভারতে ঘুরতে দেখা গেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। দেশে এনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। আওয়ামী লীগের বহু নেতাকর্মী অবৈধভাবে ভারতে পালিয়েছে। অপরাধীদের আশ্রয় না দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে যেসব অপরাধীরা দেশের বাইরে পালিয়েছে। তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে মাথায় গুলি করে বাবলু ফারাজী (৫৮) নামে এক হকারকে হত্যা মামলায় কামারুল আরেফিনকে আসামি করা হয়েছে। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নির্দেশ দাতারা আসামি করা হয়েছে। ১৯ আগস্ট নিহত বাবলুর ছেলে সুজন মাহমুদ বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে মামলাটি করেন।

এই মামলায় কুষ্টিয়ার সদ্য সাবেক তিন সংসদ সদস্য, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, কুষ্টিয়া মডেল থানার ওসি মাহফুজুল হকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী ও জনপ্রতিনিধিসহ মোট ১২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০/৫০ জনকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com