আনিসুর রহমান ফারুক , ময়মনসিংহ :
ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক (ডিজি) ড. মো. আবুল কালাম আজাদের অপসারণ চেয়ে তাঁর কক্ষে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসি। এ সময় তারা তৃতীয়দিনের মত বিক্ষোভ মিছিল করে মহাপরিচালকের অপসারণ দাবি করে করে স্লোগান দেয়।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) ভবনে এই বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটে।
এর আগে গত রবিবার সকাল থেকে বিগত ৪ আগষ্ট ছাত্র-জনতার বিপক্ষে লাঠি মিছিলে নেতৃত্ব দেওয়া, পরিবর্তিত প্রেক্ষাপটেও ২৭ ছাত্রলীগ নেতার পদোন্নতি চূড়ান্ত করা, বঞ্চিতদের জৈষ্ঠ্যতা প্রদানে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসি, পালিয়ে অফিস করাসহ নানা বিতর্কিত কর্মকান্ডের অভিযোগে বিনার মহাপরিচালকের অপসারণ দাবি করে আন্দোলন শুরু করে বিক্ষুব্ধরা। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার আন্দোলনকারীরা একই ধরনের কর্মসূচি পালন করে মহাপরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।

একই ভাবে আজ মঙ্গলবারও (১৮ মার্চ) বিনা ভবনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন আন্দোলনকারীরা। এতে বক্তব্য রাখেন বিনার প্রকল্প পরিচালক ড. মাহবুবুল আলম তরফদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকতা ড.রেজা মোহাম্মদ ইমন, কৃষিবিদ মো.আব্দুর রশিদ, কৃষিবিদ মোহাম্মদ ফরহাদ হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ডিজির অপসারণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ফ্যাসিস্ট এই দোসরের সঙ্গে কোন ভাবেই একসঙ্গে কাজ করা সম্ভব না। অবিলম্বে আমরা এই ডিজির অপসারণ দাবি করছি।
বিনার উপপরিচালক মো. মাজহারুল ইসলাম বলেন, ডিজি স্যারের কক্ষে তালা দিয়েছে আন্দোলকারীরা। তবে কেন বা কী কারণে কারা তালা দিয়েছে তা আমার জানা নেই।
তবে এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক (ডিজি) ড. মো. আবুল কালাম আজাদ বলেন, যারা ২০০৯ সালের পরে পদোন্নতি পায়নি তাদের পদোন্নতির জন্য মন্ত্রণালয়ে কাজ করছি। মন্ত্রণালয়ের নির্দেশ ছাড়া কোন কিছুই করা সম্ভব নয়। আশা রাখছি বঞ্চিতরা অচিরেই সুখবর পাবে।













