• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দিনাজপুরে বিজয় র‌্যালি থেকে শিবিরের দুই কর্মী আটক

প্রকাশ: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ৯:৫৩
আপডেট: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ৯:৫৩

9665874

দিনাজপুরে বিজয় র‌্যালি থেকে শিবিরের দুই কর্মী আটক

বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের র‌্যালিতে ছাত্রলীগের হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষকে ছত্রভঙ্গ করার পর ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। তারা নিজেদের শিবিরের কর্মী বলে পরিচয় দেয়।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। আটকৃত মুশফিকুর রহমান (২৫) দিনাজপুর সরকারি কলেজের স্নাতক পড়ুয়া ও বিরামপুর উপজেলার মুকুন্দপুর এলাকার বাসিন্দা। হাসান আলীর (১৯) বাড়ি সদর উপজেলার উত্তর শিবপুর গ্রামে ও রামডুবি হাটের ফুলবন ফাজিল মাদ্রাসার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে বিরামপুর থেকে আসা একটি বাসে ছাত্রশিবিরের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী শহরের মির্জাপুর বাস টার্মিনালে নামেন। এরপর শহরের কালুর মোড়, মির্জাপুর এলাকা থেকে একাধিক দলে টার্মিনাল এলাকায় আসেন। সেখানে ব্যানার-ফেস্টুন হাতে শতাধিক নেতাকর্মী জড়ো হলে তারা ‘নারায়ে তাকবির’ ধ্বনি তুলে র‌্যালি নিয়ে কলেজ মোড়ের দিকে এগিয়ে যেতে থাকেন। ছাত্রশিবিরের ওই শোভাযাত্রার সামনের ব্যানারে লেখা ছিল ‘৫২তম মহান বিজয় দিবস সফল হোক’। এই র‌্যালির আয়োজক ছিল দিনাজপুর শহর ছাত্রশিবির।

র‌্যালিটি কলেজ মোড় চত্বরে আসার পর মুশফিকুর বক্তব্য দিতে শুরু করলে তারা দিনাজপুর কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। এ সময় ছাত্রলীগের সঙ্গে শিবিরের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে কতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে এলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মুশফিকুর ও হাসানকে আটক করে পুলিশ।

দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতা সাব্বির সুজন জানায়, আমরা বিজয় অনুষ্ঠানে যাওয়ার জন্য কলেজ মোড়ে অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখি নারায়ে তাকবির ধ্বনি তুলে ছাত্রশিবিরের মিছিল। তারা রাস্তার মাঝখানে বসে পড়ে রাস্তা অবরোধ করে এবং হ্যান্ডমাইকে বক্তব্য দিতে শুরু করে। আমরা তাদের রাস্তা ছেড়ে দিতে বললে তারা উল্টো আমাদের ওপর আক্রমণ করার চেষ্টা করে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আমরা পুলিশকে সহায়তা করেছি।

কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিজয় দিবসের র‌্যালির নামে ছাত্রশিবিরের শতাধিক নেতাকর্মী কলেজ মোড়ে সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় লাঠি-সোঁটাসহ দুই শিবিরকর্মীকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com