এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবিঃ প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন রথযাত্রা সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও থানার সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। রবিবার (১২ জুলাই) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দরা হলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি, সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সহ-সভাপতি তিলোত্তমা দাস, প্রদীপ সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুশিল দাস, সোনারগাঁও উপজেলার সভাপতি শ্রী রিপন শীল, সাধারণ সম্পাদক সুমিত রায়, আড়াইহাজার উপজেলার সভাপতি হারাধন চন্দ্র দে, ফতুল্লার সভাপতি শ্রী প্রদীপ মন্ডল। বন্দর উপজেলার সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি শিশির ঘোষ অমর, জেলার প্রচার সম্পাদক শ্রী তপন সাধু, মহানগর সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা আচার্যসহ ইসকান শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির দেওভোগসহ নগরখান পুর শ্রীশ্রী নিতাই চৈতন্য মন্দির, শ্রীশ্রী গৌড় নিতাই আখড়া দেওভোগ, গোপাল জিউর মন্দির কাচারিগল্লি সহ অনান্য প্রতিনিধিবৃন্দ।
সভায় রথযাত্রাকে সুষ্ঠু সুন্দর ও নিরাপদ করার জন্য বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠন সর্বাত্মক সহযোগিতা করবেন বলে অধ্যাপক মাহমুদ মাহমুদ নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। জেলা পরিষদের পক্ষ থেকে তাদেরকে আর্থিক ও লজিস্টিক সহযোগিতারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
হিন্দু নেতৃবৃন্দ বলেন, অতীতেও বিএনপির সকল সংগঠনের নেতৃবৃন্দ তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে সহযোগিতা করেছেন বিধায় নারায়ণগঞ্জে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে। বিশেষ করে জেলা বিএনপির আহ্বায়ক হিন্দু সম্প্রদায়ের প্রতি অত্যন্ত আন্তরিক ও সহানুভূতিশীল। সকলের সহযোগিতায় আসন্ন রথযাত্রা সুষ্ঠু, নিরাপদ এবং শান্তিপূর্ণ হবে বলে তারা বিশ্বাস করেন।












