• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পেকুয়ায় সালাহউদ্দিনের গণমিছিলে জনতার ঢল

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৫৭
আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৫৭

9685218

পেকুয়ায় সালাহউদ্দিনের গণমিছিলে জনতার ঢল

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। ছবি: খবরের কাগজ
পেকুয়ায় এক বিশাল গণমিছিলে অংশগ্রহণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। এদিন তিনি কোনো পৃথক গণসংযোগ বা একাধিক পথসভা না করে একটি দীর্ঘ গণমিছলের মাধ্যমে নির্বাচনি প্রচারণা পরিচালনা করেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পেকুয়া বাজার উৎসবমুখর হয়ে ওঠে। গণমিছিলটি পেকুয়া বাজার থেকে শুরু হয়ে সাকোড়পাড় স্টেশনে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এ পথ বিপুল জনসমাগমের কারণে ধীরগতিতে অতিক্রম করা হয়, এতে সালাহউদ্দিন আহমেদের প্রায় তিন ঘণ্টা সময় লাগে।

সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সোমবার দুপুর ২টায় চকরিয়ায় জনসভা অনুষ্ঠিত হবে। সেখানে আপনারা সবাই উপস্থিত থাকবেন। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৮টার মধ্যে প্রচারণা কার্যক্রম শেষ হতে হবে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের মধ্যে যে উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনা আমি দেখেছি, তা প্রমাণ করে ইনশাআল্লাহ সারাদেশের মতো কক্সবাজারেও ধানের শীষ বিপুল ব্যবধানে বিজয় অর্জন করবে।’

ভোটের দিন করণীয় প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেক ভোটকেন্দ্রে সবাইকে সজাগ থাকতে হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন, যাতে কোনো ধরনের অনিয়ম না হয়। মা-বোনেরা যেন নিজ নিজ পরিচয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে বিষয়েও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

বিগত সময়ের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘গত ১৬ বছর জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ইনশাআল্লাহ, এবারের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হবে। একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং জনগণের সবার অধিকার নিশ্চিত হবে। ভবিষ্যতে যেন গণতন্ত্রের জন্য আর রক্ত ও জীবন দিতে না হয় সেটাই আমাদের প্রত্যাশা।’

গণমিছিলে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com