শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেছেন, যতবার লুণ্ঠিত গণতন্ত্র, ততবারই ত্রাণকর্তা হয়ে আবির্ভূত বিএনপি।
তিনি আরও বলেন, মাদক, দুর্নীতি ও বেকারত্ব বাংলাদেশের অন্যতম বড় সমস্যা। এসব সমস্যা সমাধানে বর্তমান সরকার কাজ শুরু করেছে। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাটোরের লালপুরে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদকের ভয়াবহতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজের একটি অংশ মাদকাসক্ত হয়ে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। সন্তানরা কার সঙ্গে মিশছে এবং কী করছে, সেদিকে অভিভাবকদের নজর রাখার আহ্বানও জানান।
বিএনপির প্রতিষ্ঠা ও দেশের গণতান্ত্রিক আন্দোলন প্রসঙ্গে ফারজানা শারমীন পুতুল বলেন, বাংলাদেশের গণতন্ত্র যখনই লুণ্ঠিত হয়েছে এবং দেশকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত করা হয়েছে, তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব অবিস্মরণীয় হয়ে থাকবে।
স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসকে বারবার বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। স্বাধীনতার ঘোষক নিয়েও বিতর্ক তৈরি করা হয়েছে। তবে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের মানুষ যে কণ্ঠ শুনেছিলেন, তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ইতিহাসকে যতই বিকৃত করার চেষ্টা করা হোক, শেষপর্যন্ত ইতিহাসই সত্যকে সামনে নিয়ে আসে।
প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে তার পাশে থাকার কথা ছিল; কিন্তু নানা ষড়যন্ত্রের কারণে তিনি আজ আমাদের মাঝে নেই। তবে তিনি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের হৃদয়ে রয়েছেন। তার আদর্শকে শক্তিতে পরিণত করে একটি মেরুদণ্ডসম্পন্ন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
লালপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক আলী মিষ্টুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লুলু, হামিদুর রহমান বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল বারী বাবলা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইটসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আ/আ












