ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্চারামপুর) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বাংলার ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে বাঞ্ছারামপুরে আয়োজন করা হয়েছে পিঠা উৎসব। বর্ণিল এ আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে বাঞ্ছারামপুর মডেল সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম ফারুক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফয়সল আহমেদ খান ও সহ-সভাপতি আলমগীর হোসেন।
পিঠা উৎসবে মোট ১২টি স্টলে বিভিন্ন ধরনের দেশীয় পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়। ভাপা, চিতই, পাটিসাপটা, দুধ চিতই, পুলিপিঠা, তেলপিঠা, কুশলি, তারা, জামাই, রস, খেজুর, বকুলসহ নানা স্বাদের পিঠা দর্শনার্থীদের আকর্ষণ করে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
উৎসবের শেষ পর্বে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থী ও শিক্ষকদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পিঠা উৎসবের মতো আয়োজন শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলে। সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তাদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধি পায়। তিনি বিদ্যালয়ের শিক্ষার মান ও ধারাবাহিক ভালো ফলাফলের প্রশংসা করেন।












