মুন্সীগঞ্জ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
তৃণমূলের মতামত উপেক্ষা করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন এবং নেতা-কর্মীদের বহিষ্কারের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ২০ জন নেতা-কর্মী পদত্যাগ করেছেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রসুলপুর খেয়াঘাট এলাকায় এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা জানান, তারা দলীয় পদ ছাড়লেও বিএনপির আদর্শচ্যুত হননি এবং প্রয়োজনে আবারও দলে ফিরবেন। তবে বর্তমান পরিস্থিতিতে তারা স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্যসচিব মো. মহিউদ্দিনের পক্ষে নির্বাচনি কর্মকাণ্ডে অংশ নেবেন।
পদত্যাগকারী নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন সরকার মিশু, ভবেরচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা শিকদার, বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নোমান বিল্লাহ বাবু, ইমামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাঘ মাসুদ, টেংগারচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি চঞ্চল শেখ, বাউশিয়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি শহীদ জিয়া, গজারিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সালমান এবং গুয়াগাছিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজ সরকার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন সরকার মিশু।
তিনি বলেন, ‘মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নে তৃণমূলের মতামতকে প্রাধান্য দেওয়া হয়নি। বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্যসচিব মো. মহিউদ্দিনকে মনোনয়ন না দিয়ে দেওয়া হয়েছে অন্যজনকে। বিএনপি ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা-কর্মী মহিউদ্দিনের পক্ষে অবস্থান নেওয়ায় কেন্দ্রীয় নেতারা তাদের বহিষ্কার করেছেন। এমতাবস্থায় দলীয় পদ ত্যাগ করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। সেজন্য সংবাদ সম্মেলন করে আজ আনুষ্ঠানিকভাবে একযোগে ২০ নেতা-কর্মীর পদত্যাগের ঘোষণা। এ সংক্রান্ত কাগজপত্র কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।’
এ প্রসঙ্গে গজারিয়া উপজেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সদস্যসচিব নাদিম মাহমুদ অপু বলেন, ‘মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নে তৃণমূলের মতামত উপেক্ষিত হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের পক্ষে অবস্থান নেওয়ায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মাঠে আমরা যাকে পাশে পেয়েছি, আমরা তাকে ছেড়ে যাব না। তাকে বিজয়ী করার জন্য আমরা মাঠে থাকব।’
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে দলের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে। এ আসনে মনোনয়ন দৌড়ে তার শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্যসচিব মো. মহিউদ্দিন। প্রার্থী পরিবর্তনের আন্দোলনের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।












