• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যারা অপরাধ করেছে ব্যবস্থা নেবো, তাদের হয়ে ক্ষমা চাচ্ছি: ছাত্রলীগ নেতা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৩৪
আপডেট: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৩৪

96663258 34

যারা অপরাধ করেছে ব্যবস্থা নেবো, তাদের হয়ে ক্ষমা চাচ্ছি: ছাত্রলীগ নেতা

রাজশাহী কলেজের ছাত্রাবাসে ‘টর্চার সেলে’ সাংবাদিকসহ শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ক্ষমা চেয়েছে ছাত্রলীগ। রাজশাহী কলেজ ছাত্রলীগ সভাপতি রাসিক দত্ত নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা চান। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও আশ্বাস দেন। এ ছাড়া নির্যাতনের সঙ্গে সম্পৃক্তদের ২৪ ঘণ্টার মধ্যে দল থেকে বহিষ্কারের আশ্বাস দিয়েছেন। আর দাবি বাস্তবায়ন না হলে ছাত্রলীগ সভাপতি রাসিক দত্তের পদত্যাগের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনায় বসেন কলেজ প্রশাসন, ছাত্রলীগ ও রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিসহ জেলার সাংবাদিক ইউনিয়ন ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

আলোচনায় সাংবাদিক নেতৃবৃন্দ অভিযুক্ত শিক্ষার্থীদের কলেজ ও ছাত্র সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার, সাংবাদিকসহ সাধারণ শিক্ষার্থীদের কোনও রাজনৈতিক প্রোগ্রামে যেতে বাধ্য না করা, ক্যাম্পাস সাংবাদিকসহ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে দৃশ্যমান পদক্ষেপের দাবি জানান।

এ বিষয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। রাজশাহী কলেজের সুনামকে নষ্ট করতে কিছু ছাত্রলীগ নামধারীরা ছাত্রাবাসে যে নৈরাজ্য সৃষ্টি করেছে তা সমাধানে কলেজ প্রশাসন আন্তরিক। উদ্ভূত ঘটনায় ছাত্রলীগ ক্ষমা চেয়েছে। আর হামলাকারীরা ছাত্রলীগের কর্মী। কিন্তু কলেজের ছাত্র না। তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে ছাত্রলীগ।

রাজশাহী কলেজ ছাত্রলীগ সভাপতি রাসিক দত্ত বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমার বন্ধু ও ছোট ভাই যারা এই অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। তাদের হয়ে ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।

জানা গেছে, রাজশাহী কলেজের ক্যাম্পাস সাংবাদিকসহ অন্তত ৩০ জন সাধারণ শিক্ষার্থীকে মারধর করে ছাত্রলীগ। জানা গেছে, বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের ই ব্লক ও বি ব্লকে এ নির্যাতন করে। নির্যাতনের পরে কলেজ অধ্যক্ষসহ সাংবাদিকরা ছাত্রাবাসে গেলে দুর্ব্যবহারসহ প্রকাশ্যে হুমকি দেন। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভোগেন সাধারণ শিক্ষার্থীরা।

নির্যাতনের শিকার শিক্ষানবীশ গণমাধ্যমকর্মীরা হলেন- কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব ও ইতিহাস বিভাগের ছাত্র শরীফুল ইসলাম। তারা ক্যাম্পাস সাংবাদিক সংগঠন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) সদস্য।

কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কলেজ ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীদের জোরপূর্বক মিছিল-মিটিং দলীয় কর্মসূচিতে নিয়ে যায় ছাত্রলীগ। যেতে না চাইলে মারধরসহ নানাভাবে হয়রানির শিকার হতে হয়। নির্যাতন করা হয় টর্চার সেলে। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ বা অসুস্থ থাকলেও ছাড় পান না শিক্ষার্থীরা। এ ছাড়াও রয়েছে সিট বাণিজ্যের অভিযোগ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com