এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন মিজান নামের একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তার ছেলে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি গোলাম মর্তুজা পাপ্পা, সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান সহ ৪৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার রাতে আদালতের নির্দেশনা মোতাবেক সিদ্ধিরগঞ্জয় থানায় মামলা রুজু হয় বলে নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, ৫ আগস্ট আ’লীগ সরকার পতনের আগ মুহূর্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোডে শিমরাইল মোড় অংশে ছাত্র-জনতা সড়কে অবস্থান নেয়। ওই সময় মামলার প্রধান আসামি শামীম ওসমানসহ প্রথম ১০ জন আসামি আন্দোলন দমাতে গুলিবর্ষণের নির্দেশ দেন। পরে ১১ থেকে ৪৩ নম্বর আসামিরা একত্রিত হয়ে আন্দোলনরত মানুষের ওপর অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করেন। ওইসময় ঘটনাস্থলে থাকা মিজানের পায়ে গুলি লাগে। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। ৬ আগস্টে ভিকটিমকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবসা করা হয়। এরপর ৮ আগস্ট থেকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আসছেন তিনি।












