নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সকল পক্ষকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরী করার আহ্বান জানিয়েছেন। যাতে ভোটারদের মাঝে আস্থা তৈরী হয়।
আগামী ৪ জানুয়ারী একাদশ জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ শূন্য আসনে সাঘাটা-ফুলছড়ি আসনের উপ-নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বুধবার(২৮ ডিসেম্বর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ আহ্বান করেন।
রাশেদা সুলতানা বলেন, ‘সকল পক্ষকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরী করতে হবে। যাতে ভোটারদের মাঝে আস্থা তৈরী হয়। এতে করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে। নির্বাচনে দায়িত্বরত কেউ অবহেলা ও পক্ষপাতিত্বমূলক আচরণ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘প্রচার ও প্রচারণায় আচরণবিধি মেনে চলতে হবে। সকল পর্যায়ের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। যাতে সাধারন ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।’
জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম, গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব, আওয়ামীলীগ প্রার্থী মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. গোলাম শহীদ রঞ্জু, বিকল্প ধারা প্রার্থী জাহাঙ্গীর আলম ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ২৫ জুন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া মারা গেলে এই আসনটি শূন্য হয়। ফলে নির্বাচন কমিশন গত ১২ অক্টোবর ওই আসনে উপ-নির্বাচনের ব্যবস্থা করে। নির্বাচনে অনিয়ম ও প্রশ্নবিদ্ধ হওয়ায় নির্বাচন কমিশন ওই নির্বাচনটি স্থগিত করে পরবর্তীতে ৪ জানুয়ারী পুন:নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা প্রিসাইডিং অফিসার, সহকারি প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের সাথে এক মতবিনিময় করেন।












