নোয়াখালী প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
নোয়াখালী-৬ আসনের হাতিয়ায় ১১ দলীয় জোট প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এতে তার শাপলা কলির ৩ কর্মী আহত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় হাতিয়ার তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে এ ঘটনা ঘটে। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনসিপির প্রার্থী আবদুল হান্নান মাসউদ রাতে খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সন্ত্রাসীরা তালতলা বাজারে আমার শাপলা কলির অফিস ভাঙচুর করেছে। আজ সেটি দেখতে গেলে শত শত লোক জড়ো হয়। পরে এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় আমাকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয়। এতে আমার তিন কর্মী আহত হয়েছে।
এদের মধ্যে তমরুদ্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবদুর রহমানের ছেলে মো. দিদার উদ্দিন (৩০), ৫ নম্বর ওয়ার্ডের মো. মোজাম্মেলের ছেলে মো. সম্পদকে (১৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে গেছে। তবে অন্ধকারে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












