শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে ‘জিয়া স্মৃতি বইমেলা’। ৯ দিনের এ মেলা আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) মেলার দ্বিতীয় দিনে পাঠকের উপচেপড়া ভিড় দেখা গেছে। বিশেষ করে তরুণ ও তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, স্টলে স্টলে পাঠক ও দর্শনার্থীদের ভিড়। জিয়াউর রহমানের জীবন ও কর্ম, বিএনপির প্রতিষ্ঠা, দলের নীতি-আদর্শ এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসভিত্তিক বইয়ের প্রতি তাদের আগ্রহ বেশি দেওয়া যায়। তাদের কেউ বই দেখছিলেন, কেউ কেউ বই কিনছিলেন।

মেলা প্রাঙ্গণে কথা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল ছাত্রদলের সভাপতি ফারজানা আক্তার টুম্পার সঙ্গে।
তিনি বলেন, ‘জিয়াউর রহমান ও দেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে অনেক কিছু জানার আগ্রহ থেকে মেলায় এসেছি। বইমেলায় এসে সত্যি ভালো লাগছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বইমেলার আয়োজন তরুণ প্রজন্মকে বইপড়া, ইতিহাস ও জ্ঞানচর্চার সঙ্গে সম্পৃক্ত করার একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি মনে করি, ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে একটি সচেতন, যুক্তিবাদী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে উঠবে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শায়লা সাবরীন নিঝুম বলেন, ‘এখানে এসে শুধু বই কেনা নয়, ইতিহাস ও রাজনীতি সম্পর্কে জানার সুযোগ হয়েছে। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নিয়ে বেশ কিছু বই দেখেছি। পছন্দের কয়েকটি বই সংগ্রহ করেছি।’
আয়োজকরা জানান, বিএনপির নীতি ও আদর্শের ওপর রচিত বই এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মভিত্তিক সাহিত্য প্রচার ও প্রসারের লক্ষ্যে জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি এ মেলার আয়োজন করেছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে পাঠকরা মেলা পরিদর্শন ও বই সংগ্রহ করতে পারবেন।












