• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঈদে ১৬ হাজার কর্মী, সাড়ে ৭০০ গাড়ি নিয়ে মাঠে নামছে ডিএনসিসি

প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬ ৩:২০
আপডেট: বুধবার, ২৭ মে, ২০২৬ ৩:২০

96333326 6

ঈদে ১৬ হাজার কর্মী, সাড়ে ৭০০ গাড়ি নিয়ে মাঠে নামছে ডিএনসিসি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৬ হাজার কর্মী মাঠপর্যায়ে বর্জ্য অপসারণের কাজ করবে। একই সঙ্গে সাড়ে ৭০০ বর্জ্যবাহী ট্রাক শহরের বর্জ্য আমিন বাজার ল্যান্ডফিলে ডাম্পিংয়ের কাজে নিয়োজিত থাকবে। এভাবে ঈদের দিন ১২ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে ডিএনসিসি নগর ভবনে কোরবানির ঈদে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এ ঘোষণা দেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর শাহে আলম, যিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশের কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, চামড়া সংরক্ষণ, যানজট নিয়ন্ত্রণ এবং কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম নিয়ে সরকার আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে বিশেষ নির্দেশনা দিয়েছে। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনার আলোকে দেশের সব সিটি করপোরেশনকে ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর প্রস্তুতি দেখে তিনি আশাবাদী যে, নির্ধারিত সময়ের অনেক আগেই নগরবাসীকে পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক পরিবেশ উপহার দেওয়া সম্ভব হবে।

বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনের বিষয়েও গুরুত্বারোপ করেন মীর শাহে আলম। তিনি বলেন, ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে নগরবাসীর সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। অতিবৃষ্টির সময় সাময়িক জলজট সৃষ্টি হলেও দ্রুত পানি নিষ্কাশনের জন্য কুইক রেসপন্স টিম ও ড্রেনেজ টিম প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

সভায় ডিএনসিসির প্রশাসক বলেন, সরকারের নির্ধারিত ১২ ঘণ্টার সময়সীমার আগেই কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, সরকারের নির্ধারিত সময়ের আগেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন করতে সক্ষম হব।”

তিনি আরও জানান, আমিন বাজার ল্যান্ডফিল-এ দ্রুত বর্জ্য খালাস নিশ্চিত করতে নতুন সংযোগ সড়ক, প্ল্যাটফর্ম এবং ট্রেঞ্চ নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে বর্জ্য পরিবহন কার্যক্রম পর্যবেক্ষণে ডিজিটাল ওয়েব্রিজের মাধ্যমে রিয়েল-টাইম ট্রিপ মনিটরিং ব্যবস্থাও চালু রাখা হয়েছে।

নগরবাসীর মধ্যে ইতোমধ্যে ১৬ লাখ ৩০ হাজার পলিব্যাগ বিতরণ করা হয়েছে বলেও জানান প্রশাসক। এছাড়া কোরবানির পর দ্রুত জীবাণুমুক্ত ও দুর্গন্ধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ৩ হাজার ৬০০ বস্তা ব্লিচিং পাউডার, ১ হাজার ৩৪৮ ক্যান ফিনাইল এবং ৩ হাজার ৯০০ ক্যান স্যাভলন বিতরণ সম্পন্ন হয়েছে।

জনসচেতনতা বৃদ্ধির জন্যও নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, শহরজুড়ে মাইকিং, ডিজিটাল বিলবোর্ডে প্রচারণা, ৫০ হাজার লিফলেট বিতরণ এবং মোবাইল এসএমএসের মাধ্যমে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি মসজিদের ইমামদের মাধ্যমে জুমার খুতবায় পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রমও চালানো হচ্ছে।

সভায় আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ হুমায়ুন কবীর, ইমরুল কায়েস চৌধুরী এবং সৈয়দ রকিবুল হাসানসহ ডিএনসিসির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com