• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নিখোঁজ বিএনপি নেতার বাসায় মার্কিন রাষ্ট্রদূত, ফেরার সময় হট্টগোল

প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ ৯:৫৯
আপডেট: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ ৯:৫৯

9660124

নিখোঁজ বিএনপি নেতার বাসায় মার্কিন রাষ্ট্রদূত, ফেরার সময় হট্টগোল

বিএনপির নিখোঁজ নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। এ সময় বাসার ফটকের বাইরে হট্টগোল হয়। কিছুক্ষণ পরই মার্কিন রাষ্ট্রদূতকে পুলিশি পাহারায় গাড়িতে চলে যেতে দেখা যায়। মার্কিন দূতাবাসের মুখপাত্র জানান, নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় বৈঠক শেষ না করে সেখান থেকে চলে যান পিটার হাস। বিষয়টি তারা সরকারের উচ্চপর্যায়ে জানিয়েছেন।

আজ বুধবার সকাল ৯টার কিছু পর রাজধানীর শাহীনবাগে পিটার হাস সাজেদুলের বাসায় যান। প্রায় আধা ঘন্টা তিনি সেখানে অবস্থান করেন। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ডেস্কের অফিসার লিকা জনসন।

সাজেদুলের বাসায় মার্কিন রাষ্ট্রদূত আসছেন- এমন খবরে সেখানে যান ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা। ‘মায়ের কান্না’ নামের একটি সংগঠনের ব্যানারে কিছু মানুষ সেখানে জড়ো হন। ১৯৭৭ সালের ২ অক্টোবর সেনা ও বিমান বাহিনীর সদস্যদের ফাঁসি, কারাদন্ড, চাকরিচ্যুত সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের কান্না’। তারা বাসার সামনের রাস্তায় অবস্থান নেন। মার্কিন রাষ্ট্রদূত বাসায় ঢোকার মুখে তারা প্ল্যাকার্ড তুলে ধরেন। তিনি চলে যাওয়ার সময় হট্টগোল হয়।

সাজেদুলের বোন সানজিদা ইসলাম গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়কারী। তিনি বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস আসবেন জেনে তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল দুইদিন (গতকাল ও আজ) আমাদের বাসায় আসেন। মার্কিন রাষ্ট্রদূত আমাদের বাসায় প্রবেশের ৪০ মিনিট আগে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ও ‘মায়ের কান্না’ সংগঠনের লোকজন রাস্তার ওপর অবস্থান নেন। বাসা থেকে বেরিয়ে যখন তিনি গাড়িতে উঠছিলেন, তখন তারা কথা বলার চেষ্টা করেন। একপর্যায়ে হট্টগোলও হয়। পরে তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সহায়তায় তিনি গাড়িতে উঠে চলে যান।’

রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে- জানতে চাইলে সানজিদা বলেন, ‘তিনি নিখোঁজ হওয়া ব্যক্তির পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নেয়ার ঘটনাগুলোর তদন্ত হচ্ছে। তাই আমরা তাকে ঘটনাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছি। আমরা এখন কী চাই, সেটাও তিনি জানতে চেয়েছেন।’

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস কী বলেছেন- জানতে চাইলে সানজিদা ইসলাম বলেন, নিখোঁজের ঘটনাগুলো কীভাবে তদন্ত করা যায়, সেটা নিয়ে তারা কাজ করছেন। পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতেও কাজ করছেন।

বিএনপির ঢাকা মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ড কমিটির (বর্তমানে ঢাকা উত্তরের ২৫ নম্বর ওয়ার্ড) সাধারণ সম্পাদক ছিলেন সাজেদুল ইসলাম। ২০১৩ সালের ৪ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ। ঘটনার পর পরিবারের সদস্যরা দাবি করে আসছেন, সাজেদুলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় তুলে নিয়ে গেছে।

এদিকে রাজধানীর শাহীনবাগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে। এ ঘটনায় রাষ্ট্রদূত হাস বেশ অসন্তোষ প্রকাশ করেছেন বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে জানিয়েছেন। গতকাল নিখোঁজ সাজেদুল ইসলাম সুমনের বাসা থেকে বের হয়ে সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ হঠাৎ জরুরি ভিত্তিতে মার্কিন রাষ্ট্রদূত আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তিনি জানান, সকালে রাজধানীর শাহীনবাগের একটি বাসায় গিয়েছিলেন তিনি। সেখানে অনেক লোক জড়ো হয়েছিল। তারা রাষ্ট্রদূতকে কিছু একটা বলতে চাচ্ছিল। রাষ্ট্রদূতের নিরাপত্তায় নিয়োজিত লোকজন তাকে বলেছে, আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান। কারণ তারা (বাইরে ও ভেতরে থাকা লোকজন) আপনার গাড়ি ব্লক করে দেবে। নিরাপত্তার কারণে তিনি তাড়াতাড়ি চলে যান। এ ঘটনায় তিনি খুবই অসন্তুষ্ট হয়েছেন।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com