রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে পুলিশি অভিযানের প্রতিবাদে পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছেন ক্ষুব্ধ রিকশাচালকেরা। হামলাকারীদের বাধা দিতে গিয়ে মিজানুর রহমান নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে মোটরসাইকেল।
শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১০টর পর এ ঘটনা ঘটে বলে মিরপুর ট্রাফিক বিভাগের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন নিশ্চিত করেছেন। এ ঘটনায় মিজানুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন বলেও জানা গেছে।
পুলিশ জানায়, এদিন সকালে পল্লবীতে মূল সড়কে অবৈধভাবে চালানোর অভিযোগে ব্যাটারিচালিত দুটি রিকশা জব্দ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ব্যাটারিচালিত রিকশার চালকরা কয়েকটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর চালান।
এ বিষয়ে ট্রাফিক পুলিশের কর্মকর্তা ইলিয়াস হোসেন বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না। সে অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করেছি। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে রিকশাচালকরা পাঁচটি ট্রাফিক বক্সে হামলা চালায়।
ইলিয়াস হোসেন বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না। সেই অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করেছি। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে রিকশাচালকরা একাধিক ট্রাফিক বক্সে হামলা করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও তিনি জানান।
এ ঘটনায় মামলা হয়েছে কি না জানতে চাইলে ট্রাফিক পুলিশের এ কর্মকর্তা বলেন, আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা শেষে তার বক্তব্য অনুসারে জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে মামলা করা হবে।












