• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বদরুন্নেসার শিক্ষার্থীরা

প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৯:৪৪
আপডেট: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৯:৪৪

9633302 5

শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বদরুন্নেসার শিক্ষার্থীরা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সম্মানিত শিক্ষকদের বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১৯ এপ্রিল) কলেজের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জানান, সাত কলেজের কিছু উচ্ছৃঙ্খল ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার পারস্পরিক সম্মান ও সুন্দরের সম্পর্ককে নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা মনে করেন, শিক্ষকদের সঙ্গে পরিকল্পিতভাবে বিরোধ তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে দীর্ঘায়িত করা এবং হুমকির মুখে ফেলে নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করাই এই চক্রটির মূল লক্ষ্য।

বিবৃতিতে সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন, শিক্ষকরা কি এখন শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে কোনো প্রশ্ন করার অধিকারও হারাবেন? শিক্ষকদের দেওয়া উপদেশকে কেন ভয় হিসেবে দেখা হবে? তারা গভীর উদ্বেগের সঙ্গে জানান, এই বিশেষ গোষ্ঠীটি দেশে পুনরায় ‘মব কালচার’ বা গণপিটুনির মতো উগ্র সংস্কৃতি ফিরিয়ে আনতে চাইছে, যা শিক্ষকতা পেশাকে একটি অপরাধের পর্যায়ে নিয়ে যাচ্ছে। বদরুন্নেসা কলেজের শিক্ষকদের বিরুদ্ধে বর্তমানে যে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে, তাকে অত্যন্ত নিন্দনীয় হিসেবে অভিহিত করেছেন শিক্ষার্থীরা। তারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যে অডিও ক্লিপটি ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটি খণ্ডিত। পুরো অডিওটি শুনলে প্রকৃত ঘটনা সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। একটি সাধারণ শৃঙ্খলাজনিত বিষয়কে ইচ্ছাকৃতভাবে বড় করে প্রচার করে প্রতিষ্ঠানের সুনাম এবং শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কারের মতো অযৌক্তিক ও অবাস্তব দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের চাপ সৃষ্টি করে একজন ব্যক্তি ও তার পরিবারকে মানসিকভাবে কষ্ট দেওয়া অত্যন্ত অমানবিক। ভয় দেখিয়ে সবাইকে জিম্মি করার এই প্রবণতা ভবিষ্যতে যেকোনো অন্যায্য দাবি মেনে নিতে বাধ্য করার একটি কৌশল মাত্র। তারা আরও অভিযোগ করেন, এই স্বার্থান্বেষী মহলটি এর আগেও বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, নারী শিক্ষার্থীদের হয়রানি, বডি শেমিং, সাইবার বুলিং এবং তথাকথিত ‘মিডিয়া ট্রায়াল’-এর মাধ্যমে শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার চেষ্টা করেছে।

উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীরা অবিলম্বে কোনো যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তারা দুটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছেন। প্রথমত, দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে এবং যথাযথ তদন্ত ও সত্যতা যাচাই ছাড়া কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না। দ্বিতীয়ত, যারা এই মিথ্যা অপপ্রচার এবং ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিয়ে শাস্তির আওতায় আনতে হবে। সাধারণ শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তারা ন্যায়ের পক্ষে। তারা অন্যায়ের বিরুদ্ধে তাদের এই অবস্থান থেকে একচুলও নড়বেন না। শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com