• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ওবায়দুল কাদেরকে সতর্ক করলেন মির্জা ফখরুল

প্রকাশ: শুক্রবার, ৩ জুন, ২০২২ ৩:০৯
আপডেট: শুক্রবার, ৩ জুন, ২০২২ ৩:০৯

jonotarawaz1 14

ওবায়দুল কাদেরকে সতর্ক করলেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সতর্ক করে বলেছেন, আপনারা ইতিহাস থেকে তো শিক্ষা নেন না। এবার একটু শিক্ষা নেন। মনে করুন ১৯৭৪ সালের কথা। তখন দুর্ভিক্ষ হয়েছিল, খাদ্যশস্যের দাম বেড়ে গিয়েছিল।

আজকে আবার খাদ্যশস্যের দাম বাড়ছে, খাদ্যের দাম বাড়ছে এবং মানুষের হাহাকার শুরু হয়েছে। সেই সময়ে যদি আপনি দেয়ালের লিখন না পড়েন, উদ্যোগ যদি না নেন। এখন ওই সমস্ত উল্টো-পাল্টা কথা বলে লাভ নাই।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনাসভা হয়।

দেশের খাদ্যপণের মূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, মন্ত্রী নিজেও স্বীকার করেছেন সিন্ডিকেটরা দাম বাড়াচ্ছে। তাহলে আপনি আছেন কেন? যারা সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে পারে না, দুর্নীতিবাজদেরকে ধরতে পারে না, ছোট ছোট আড়তদারদের গিয়ে ধরে বেড়াচ্ছে বাজারে গিয়ে।

তিনি আরো বলেন, আসল ব্যাপার তো পত্রিকায় এসে গেছে। বড় বড় করপোরেটগুলো এত বেশি করে চাল কিনছে, চালের দাম বেড়ে যাচ্ছে। বরাবরই তাই নয়। সরকারের প্রশ্রয় ছাড়া, সরকারের মদদ ছাড়া কখনোই এটা করা সম্ভব হয় না। তাই আমরা বারবার করে বলছি সরকারের কারসাজি শুধু নয়, সরকারের সরাসরি সম্পৃক্ততা আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে, চালের দাম বৃদ্ধি করেছে।

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল আরো বলেন, আপনারা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসুন, গণতন্ত্রের পরিবেশ তৈরি করুন। মানুষকে কথা বলতে দিন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করুন। তা না হলে আপনাদের যে পরিণতি হবে, সেই ভয়ানক পরিণতি যেন না হয় এখন থেকে জনগণের অধিকারগুলো ফিরিয়ে দিন, আপনারা মানুষ হত্যা বন্ধ করুন, গুম করা বন্ধ করুন, মিথ্যা মামলা দেওয়া বন্ধ করুন এবং খালেদা জিয়াকে মুক্তি দিন। তা না হলে আপনাদের কোনো দিন কোনো মুক্তি হবে না। এটা হচ্ছে মূল কথা।

জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাতের পরিচালনায় আরো বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিএনপির আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, জাগপার আওলাদ হোসেন শিল্পী, ইউসুফ আলী হুমায়ুন কবির, আমির হোসেন আমু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com