শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
আবহমান গ্রামবাংলার হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্য ধরে রাখতে ফরিদপুরের ভাঙ্গায় অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর নৌকা বাইচ প্রতিযোগিতা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের ঝালডাঙ্গা বিলে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবক শামিম হোসেনের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ঝালডাঙ্গা বিলে অনুষ্ঠিত এই বাইচে মোট ৮টি সুসজ্জিত নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকাসহ অংশগ্রহণকারী প্রতিটি নৌকার দলকেই একটি করে ফ্রিজ পুরস্কার হিসেবে দেওয়া হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ দেখতে ঝালডাঙ্গা বিলের দুই পাড়ে জমে হাজারো মানুষের ঢল। নারী-পুরুষ, শিশু-কিশোর ও বয়োবৃদ্ধদের পদচারণায় পুরো এলাকা এক মিলনমেলায় পরিণত হয়। নৌকা বাইচকে কেন্দ্র করে খালের দুই পাশের রাস্তায় বসে জমজমাট গ্রামীণ মেলা, যেখানে দর্শনার্থী ও কেনাকাটাকারীদের ভীড় ছিল চোখে পড়ার মতো।
আয়োজন কমিটির আহ্বায়ক মো. শামিম হোসেন জানান, গ্রামবাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে নির্মল বিনোদন দেওয়ার লক্ষ্যেই এই বাইচের আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ‘জারি, সারি, ভাটিয়ালি গান আর নৌকা বাইচ আমাদের গ্রামীণ জনপদের আসল পরিচয় ও ঐতিহ্য। সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আমাদের এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে।’












