• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুদ্ধাপরাধে হবিগঞ্জের শফির প্রাণদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ৭:১৮
আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ৭:১৮

963325

যুদ্ধাপরাধে হবিগঞ্জের শফির প্রাণদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

স্টাফ করেসপডেন্ট

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হবিগঞ্জের লাখাই উপজেলায় হত্যা, অপহরণ, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধে মো. শফি উদ্দিন মাওলানা নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি মো. জাহেদ মিয়া ওরফে জাহিদ মিয়া, মো. সালেক মিয়া ওরফে সায়েক মিয়া ও তাজুল ইসলাম ওরফে ফোকন নামের তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. আবু আহমেদ জমাদার এবং কে এম হাফিজুল আলম।

এ ছাড়া অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় আরেক আসামি সাব্বির আহমেদকে খালাস দিয়েছে ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে শফি উদ্দিন এবং সাব্বির আহমেদ মামলার শুরু থেকেই পলাতক। বাকিরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে এ মামলায় শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। আসামিপক্ষে ছিলেন-আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান ও আইনজীবী গাজী এম এইচ তামিম।

আসামিদের বিরুদ্ধে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে মানুষ হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের দুটি অভিযোগ আনা হয়েছিল।

২০১৮ সালের ২১ মার্চ এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শেষ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরে ওই তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দিলে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। অভিযোগ গঠনের পর দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ১৭ মে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে ট্রাইব্যুনাল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com