• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিগগিরই ছাত্রদলের নতুন কমিটি : শীর্ষ পদে আলোচনায় যারা

প্রকাশ: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ১০:৪৪
আপডেট: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ১০:৪৪

JCD

শিগগিরই ছাত্রদলের নতুন কমিটি : শীর্ষ পদে আলোচনায় যারা

সিনিয়র করেসপন্ডেন্ট

জাতীয়তাবাদী ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়ে শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হচ্ছে বলে জানা গেছে। তবে সংগঠনটির নতুন নেতৃত্ব এবার ভোটে নির্বাচিত হবে না। সরাসরি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সম্ভাবনা রয়েছে। ছাত্রদলের সাবেক একাধিক সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলে জানা যায়, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই যোগ্য ও পরীক্ষিত নেতাদের বিষয়ে খোঁজ নিয়েছেন। দ্রুত সময়ের মধ্যেই তিনি কমিটি ঘোষণা করবেন।

জানা যায়, গত মঙ্গলবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের কমিটি গঠনের বিষয়ে কেন্দ্রীয় নেতাদের মতামত নেন তারেক রহমান। বিকাল ৪টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় ৪৩ জন নেতার মতামত নেন তিনি। পৃথকভাবে নেয়া ছাত্রদল নেতাদের মতামতের মধ্যে বেশির ভাগই নতুন কমিটির পক্ষে অবস্থান নেন। বর্তমান কমিটির বিষয়ে কী করা উচিত, নতুন কমিটি করলে কী ধরনের নেতা নির্বাচন করা উচিত এবং জেলা কমিটির বিষয়ে কী করা উচিত ইত্যাদি নানা প্রশ্ন করেন তারেক রহমান। এ বিষয়ে কেন্দ্রীয় নেতারা তারেক রহমানকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার অধিকার ন্যস্ত করেন।

অভিমত নেয়ার সময় ছাত্রদলের ৬০ সদস্যের আংশিক কমিটির মধ্যে ঢাকার বাইরে থাকায় এবং অসুস্থতাজনিত কারণে ১২ জন অনুপস্থিত ছিলেন। সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত থাকলেও তাদের মতামত নেয়া হয়নি বলে জানা গেছে।

২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে ফজলুর রহমান খোকন সভাপতি এবং ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই বছরের ২১ ডিসেম্বর ৬০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর এ কমিটিকে পূর্ণাঙ্গ করতে পারেনি বর্তমান নেতৃত্ব। গত বছরের সেপ্টেম্বরে কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়। এরপর থেকে নতুন কমিটি গঠনের দাবি ওঠে সংগঠনের মধ্য থেকে।

দলীয় একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ কমিটি শিগগিরই ভেঙে দিয়ে যোগ্য ও পরীক্ষিত নেতাদের নিয়ে কমিটি করা হবে। আগামী নির্বাচন সামনে রেখে আন্দোলন সংগ্রামকে গুরুত্ব দিয়ে এবার নেতৃত্ব বাছাই করা হবে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই কমিটি গঠনের মূল কাজটি করবেন।

এবার নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকে প্রত্যেক পদে ডজন খানেক প্রার্থী রয়েছেন।

জানা যায়, নতুন কমিটির কেন্দ্রীয় সভাপতি পদে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সভাপতি সাজিদ বাবু, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ, তানজিল হাসান, মাহিনউদ্দিন রাজু প্রমুখ।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রিয়াদ ইকবাল, নিজামউদ্দিন রিপন, মাহবুব মিয়া, রনি প্রধান, ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানউল্লাহ আমান প্রমুখ।

নতুন কমিটির বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, সংগঠনকে গতিশীল রাখতে যেকোনো সংগঠনেরই নিয়মিত কমিটি হওয়া দরকার। নতুন কমিটির বিষয় সিদ্ধান্ত নেবেন আমাদের অভিভাবক তারেক রহমান। তিনি যে সিদ্ধান্ত নেবেন আমরা তা স্বাগত জানাব।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com