• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারি ত্রাণ: সিলেটে জনপ্রতি বরাদ্দ সাড়ে ৮ টাকা, আধা কেজি চাল!

প্রকাশ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ৮:১১
আপডেট: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ৮:১১

966369

সরকারি ত্রাণ: সিলেটে জনপ্রতি বরাদ্দ সাড়ে ৮ টাকা, আধা কেজি চাল!

নিউজ ডেস্ক

ভয়াল বন্যার কবলে পড়া সিলেটের লাখ লাখ মানুষ এখন সংকটময় পরিস্থিতি কাটিয়ে ওঠার লড়াইয়ে ব্যস্ত। জুনের মধ্যভাগে আঘাত হানা বন্যায় নানাভাবে ক্ষতির মুখে পড়েছেন এসব মানুষ। কিন্তু তাদের জন্য সরকারি ত্রাণের বরাদ্দ একেবারেই অপ্রতুল। বন্যাক্রান্ত প্রায় ৩০ লাখ মানুষের জন্য জনপ্রতি বরাদ্দ মিলেছে সাড়ে ৮ টাকা করে। আর চাল বরাদ্দ এসেছে আধা কেজির মতো!

সিলেট জেলা প্রশাসনের তথ্যানুসারে, ভারি বর্ষণ আর সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে গত ১৪ জুন থেকে সিলেট জেলায় বন্যা দেখা দেয়। সিলেট সিটি করপোরেশন এলাকা ছাড়াও জেলার ১৩টি উপজেলাই এবং ৫টি পৌরসভা বন্যার কবলে পড়ে।

গত পরশু, রোববার সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা এবং ত্রাণ সহায়তার বিস্তারিত তথ্য জানানো হয়।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান জানান, বন্যায় ৪ লাখ ৮৪ হাজার ৩৮৩টি পরিবারের ২৯ লাখ ৯৯ হাজার ৪৩৩ জন সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৪০ হাজারের বেশি ঘরবাড়ি ভেঙে গেছে।

তিনি আরও জানান, গত রোববার পর্যন্ত সিলেটে ২ কোটি ৫৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৬৫ লাখ টাকা আসে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে। এ ছাড়া ১ হাজার ৬১২ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়ে বিতরণ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত লোকসংখ্যার সাথে ত্রাণ সহায়তার পরিমাণ ভাগ করলে দেখা যাচ্ছে, প্রায় ৩০ লাখ ক্ষতিগ্রস্ত লোকের প্রত্যেকের জন্য জনপ্রতি বরাদ্দ হয়েছে ৮ টাকা ৫৬ পয়সা। আর জনপ্রতি চাল বরাদ্দ হয়েছে ০.৫৩ কেজি।

এর বাইরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে শিশুখাদ্যের জন্য ১০ লাখ টাকা, গোখাদ্যের জন্য ১০ লাখ টাকা এবং ২০ হাজার ২১৮ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

সচেতন মহল মনে করছেন, সিলেটে সরকারি পর্যায় থেকে যে ত্রাণ সহায়তা এসেছে, তা খুবই অপ্রতুল। এক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গাফিলতি আছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী  বলেন, ‘ত্রাণ সহায়তার এই পরিমাণ দেখে আমরা বিস্মিত, হতবাক। এটা একেবারেই অপ্রতুল সহায়তা।’

তিনি বলেন, ‘আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আছে। এই মন্ত্রণালয়কে তো সবসময় প্রস্তুত থাকা উচিত যে যখন দুর্যোগ আসবে, তখন কতো পরিমাণ বরাদ্দ দেওয়া উচিত। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সিলেটের জন্য ত্রাণ সহায়তা বাড়ানো হোক, ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।’

এদিকে, সিলেটে ত্রাণ সহায়তা হিসেবে আরও অর্থ চেয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে চিঠি পাঠানো হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান জানিয়েছেন, নগদ বিতরণের জন্য ৫০ লাখ টাকা, শিশুখাদ্যের জন্য ১০ লাখ টাকা এবং গোখাদ্যের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com